অনুকূল পরিবেশ সৃষ্টির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা রোধ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং অনুকূল পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়ে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশন সচিবালয়ের উপসচিব ফরহাদ আহম্মদ খানের সই করা এই চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যে ইউপি নির্বাচনের চারটি ধাপ শেষ হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মাঠপর্যায়ে নির্বাচনী সহিংসতা বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। অনেক জায়গায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেকেই নিহত ও আহত হয়েছেন।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এটা সত্য যে কিছু কিছু জায়গায় নির্বাচনের অনুকূল পরিবেশ নেই। সেসব জায়গায় ব্যবস্থা নেওয়ার জন্যই এ চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমাদানে বাধা এবং ভয়ভীতি দেখিয়ে তা প্রত্যাহারে বাধ্য করার অভিযোগও পাওয়া গেছে। কিছু কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নিষ্ক্রিয় থাকার অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রেপ্তার না করা এবং অবৈধ অস্ত্র উদ্ধার না করায় সহিংসতা বাড়ছে বলে কমিশন মনে করে।
চিঠিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিবিড়ভাবে তদারক এবং বাহিনীকে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কঠোর নির্দেশ দিতে বলা হয়েছে।