অনুগতদের তুষ্ট করতে টিআরের চাল বরাদ্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলার পানতিতা খাজা সেতু থেকে শেখ বাড়ি পর্যন্ত এক কিলোমিটারের একটি ইটের রাস্তা। মাত্র দুই মাস আগে এ রাস্তার উভয় পাশের বর্ধিত অংশের মাটি ভরাটের কাজ করে এলজিইডি। একই কাজের জন্য আবারও তিন টন সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ওই রাস্তার মতো ওই উপজেলার আরও ১৩টি রাস্তার উভয় পাশের বর্ধিত অংশের মাটি ভরাটের কাজ করতে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর অনেক রাস্তার উভয় পাশে মাটি ভরাটের কোনো সুযোগ নেই। এ পরিপ্রেক্ষিতে অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মোল্লা জালাল উদ্দিন তাঁর দলীয় নেতা-কর্মীদর সন্তুষ্ট করতে নামমাত্র প্রকল্প তৈরির মাধ্যমে এ চাল বরাদ্দ দিয়েছেন।এ ছাড়া রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইলাইপুর গ্রামের কিরণের খাল সংস্কার প্রকল্পে দুই টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু ওই নামের খালই খুঁজে পাওয়া যায়নি। খুলনা জেলা প্রশাসনের ত্রাণ শাখা সূত্রে জানা যায়, ২০০৯-১০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দেশের প্রতিটি সংসদীয় আসনের জন্য ৩৫০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়। সাংসদেরা এ চাল গ্রামীণ অবকাঠামো উন্নয়নকাজে ব্যয় করছেন। খোঁজ নিয়ে জানা যায়, খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা) আসনের সাংসদ মোল্লা জালাল উদ্দিন বরাদ্দ পাওয়া সাড়ে ৩০০ টন চালের মধ্যে ১০৮ টন তেরখাদা উপজেলার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, খেলার মাঠ, গ্রামীণ রাস্তার উন্নয়নের ৫৭টি প্রকল্পে বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে ৪১ টন বরাদ্দ দেওয়া হয়েছে ১৩টি রাস্তার পাশের বর্ধিত অংশের মাটি ভরাটে। কিন্তু এর মধ্যে পাঁচটি রাস্তার উভয় পাশে মাটির কাজের কোনো সুযোগ নেই। বাকিগুলোয় কিছু কাজ করার সুযোগ থাকলেও তার বিপরীতে চাল বরাদ্দ দেওয়া হয়েছে তিন থেকে চার গুণেরও বেশি।সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার আজগড়া ইউনিয়নের এগার আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের রাস্তাটি ইট বিছানো। ৩০০ গজ দীর্ঘ রাস্তার উভয় পাশেই পর্যাপ্ত মাটি ভরাট আছে। দুই-তিন জায়গায় সামান্য কিছু মাটি দিতে হবে। কিন্তু এ কাজে বরাদ্দ দেওয়া হয়েছে তিন মেট্রিক টন চাল, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।এ রাস্তা দিয়ে যাতায়াত করেন শ্রীপুর মধুসূদন মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সুশীল কুমার সরকার। তিনি প্রথম আলোকে বলেন, ১০ জন শ্রমিক এক দিনে যে মাটি কাটবে, তা-ই রাস্তায় উভয় পাশে প্রয়োজন হবে না। কৃষক পুরু বিশ্বাস বলেন, রাস্তার দুই পাশে নতুন করে মাটি দিলে তা ইটের ওপর উঠে যাবে, যা বৃষ্টিতে কাদার সৃষ্টি করবে। এ প্রকল্প কমিটির সভাপতি, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুস সালাম রাস্তাটির দক্ষিণ পাশে মাটির কাজের প্রয়োজন নেই স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘উত্তর পাশে কয়েক জায়গায় মাটি দিতি হবে।’ কতটুকু জায়গায় দিতে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘তা মাইফে দেহিনি। এমপি সাহেব (মোল্লা জালাল উদ্দিন) জানেন। তিনি প্রকল্প দিছেন।’ একই অবস্থা জয়সেনা হামজেল বিশ্বাসের বাড়ি থেকে পানতিতা বড়বাড়ি পুকুর পর্যন্ত এক কিলোমিটারের ইটের রাস্তাটির। এ রাস্তার উভয় পাশে দেওয়া মাটি না শুকাতেই একই কাজের জন্য নতুন করে তিন টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।একইভাবে খড়বড়িয়া কওমি মাদ্রাসার পাশের রাস্তা, মশুন্দিয়া স্কুল থেকে নদীর কূলের রাস্তা, জয়সেনা হামিদ মোল্লার বাড়ি থেকে আটলিয়া বাজার অভিমুখী রাস্তা, জয়সেনা নজির মাস্টারের বাড়ি থেকে কাঠেরপুল পর্যন্ত রাস্তা, কলর্ধুনা কালভার্ট থেকে খালের পশ্চিম পাশের রাস্তা, কোলা নির্মল বাবুর বাড়ি থেকে পীষেন রায়ের বাড়ি অভিমুখী রাস্তা, পাতলা পশ্চিমপাড়া দিলীপ বাড়ৈর বাড়ি থেকে মন্দির পর্যন্ত রাস্তা, বারাসাত তরফদার বাড়ির খালপাড়ের মাদ্রাসার রাস্তা, আটলিয়া ওয়াপদা কালভার্ট থেকে পারখালী অভিমুখী রাস্তার উভয় পাশে যতটুকু মাটির কাজ প্রয়োজন, তার তিন গুণেরও বেশি চাল বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক তেরখাদা উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা অভিযোগ করে বলেন, ওইগুলো মূলত নামমাত্র প্রকল্প। লোক-দেখানো কিছু কাজ করে বেশির ভাগ অর্থ স্থানীয় সাংসদের সমর্থক নেতা-কর্মীরা ভাগ করে নেবেন। তেরখাদা উপজেলা টিআর প্রকল্পের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস ওরফে বাচ্চু প্রথম আলোকে বলেন, ৫৭টি প্রকল্পের কাজের প্রাক-সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন চেয়েও পাইনি। প্রতিবেদন না দেওয়ার মানেই হচ্ছে, এতে কোনো কারসাজি রয়েছে। তেরখাদা উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) শাহীনুল ইসলাম বলেন, ওই ১৩ প্রকল্পের মাটির কাজের প্রাক-সম্ভাব্যতা যাচাই হয়েছে। এসব প্রকল্পে সাংসদের নির্দেশনা অনুযায়ী বরাদ্দ হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন কেন দেওয়া হয়নি—জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি সরেজমিন বিষয়টি তদন্ত করব। মাটির কাজের প্রয়োজন না থাকা সত্ত্বেও চাল বরাদ্দ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।’ জানা গেছে, রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের খাল ও বিল এলজিইডির ক্ষুদ্র পানিসম্পদ প্রকল্পভুক্ত। এলজিইডির রূপসা উপজেলা কার্যালয়ের ক্ষুদ্র পানিসম্পদ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী জিহান আল তুহিন প্রথম আলোকে বলেন, এ প্রকল্পের ১৮টি খালের মধ্যে কিরণের খাল নামে কোনো খাল নেই। এ প্রকল্পের খালগুলোর কোনো ধরনের সংস্কার করতে হলে সমিতি ও প্রকল্প কর্মকর্তাদের জানিয়ে করতে হয়। টিআরের দুই টন চাল বরাদ্দের ব্যাপারে তিনি কিছু জানেন না। সাংসদ মোল্লা জালাল উদ্দিন গতকাল রোববার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অতি প্রয়োজনীয় কয়েকটি রাস্তা ও খাল সংস্কার প্রকল্পে টিআরের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। রাস্তার মাটির কাজের প্রকল্পগুলোতে এলজিইডি কোনো কাজ করেছে কি না, তা আমার জানা নেই। প্রকল্পগুলো স্থানীয় নেতারা তৈরি করেছেন। এ ক্ষেত্রে যদি কোনো ভুয়া তথ্য থাকে এবং কেউ অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে থাকে, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘আমি নিজে কাউকে ফাঁকি দিই না, দুর্নীতি করি না। কাউকে করতেও দেব না।’