অনুগতদের নিয়ে শামীম ওসমানের রুদ্ধদ্বার সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান গতকাল রোববার শহরের উত্তর চাষাঢ়ায় তাঁর বাসভবনে অনুগত ব্যক্তিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজয় দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর বিকেলে শহরের খানপুরে সমাবেশের আয়োজন করা হচ্ছে। লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ওই কর্মসূচি সফল করতে বৈঠকে অনুগতদের প্রতি আহ্বান জানিয়েছেন শামীম ওসমান।শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা জানান, খানপুরে ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের সামনের সড়কে জেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠেয় ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন শামীম ওসমান। সমাবেশ শেষে শহরে শোভাযাত্রা বের করা হবে।গত ১ ডিসেম্বর মেয়র সেলিনা হায়াৎ আইভীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে যে জনসমাগম ঘটেছিল শামীম ওসমানের মহড়ায় তার কয়েকগুণ বেশি জনসমাগম ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি চন্দন শীল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া প্রমুখ।গত ২৩ নভেম্বর পৈতৃক বাসভবন হীরা মহলে এক রুদ্ধদ্ধার বৈঠকে মেয়র আইভীর দায়িত্ব গ্রহণের দিনে শহরে লক্ষাধিক লোকের সমাগম ঘটিয়ে নিজের শক্তি প্রদর্শনের কর্মসূচি দিয়েছিলেন শামীম ওসমান। কিন্তু ১ ডিসেম্বর শামীম ওসমান ওই কর্মসূচি বাতিল করেন।গত ৩ নভেম্বর হীরা মহলে অনুগতদের সামনে দেওয়া বক্তব্যে শামীম ওসমান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও প্রবীণ সাংবাদিক এবিএম মূসাকে উদ্দেশ করে কটূক্তি করেন। সেই কটূক্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে শামীম ওসমানের কর্মিসভায় কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।