৪ সেপ্টেম্বর ‘গোপন’ বৈঠক, ৫-৬ সাধারণ বৈঠক
অনুচ্ছেদভিত্তিক আলোচনা করবে সংবিধান সংশোধন বিশেষ কমিটি
সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটি আগামী ৪ সেপ্টেম্বর ‘গোপন’ বৈঠক করবে। এর পরদিন থেকে সংবিধান সংশোধন বিষয়ে অনুচ্ছেদভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিশেষ কমিটির এক বৈঠকের পর এর কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। সংসদের বিধি অনুযায়ী কমিটির কোনো সদস্য গোপন বৈঠকের বিষয়বস্তুর রেকর্ড বা নোট রাখতে পারবেন না। বৈঠকের বিবরণী কোথাও প্রকাশও করা যাবে না। তবে গোপনীয়তা রক্ষার প্রয়োজন ফুরিয়ে গেলে বৈঠকের সিদ্ধান্ত প্রকাশ করা যাবে। সংসদ ভবনে বিশেষ কমিটির এই বৈঠক গতকাল বেলা ১১টায় শুরু হয়ে প্রায় দেড়টা পর্যন্ত চলে। বৈঠকের পর সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমরা বাহাত্তরের সংবিধানের মূল স্পিরিট (চেতনা) খোঁজার চেষ্টা করছি। তাই কমিটির সদস্যরা আন্তরিকতার সঙ্গে সংবিধানের প্রতিটি অনুচ্ছেদ পর্যালোচনা করে যাচ্ছেন। দুই আদালতের রায়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে।’রায়ের ঘোষণা এবং নির্দেশনাগুলো মিলিয়ে দেখা হচ্ছে জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব দায়িত্ব শেষ করে আমরা তা সংসদে উত্থাপন করার চেষ্টা করব।’ সুরঞ্জিত সেনগুপ্ত জানান, ৪ সেপ্টেম্বরের গোপন বৈঠকে কেবল কমিটির ১৫ সদস্য এবং আইনমন্ত্রী শফিক আহমেদ ও আইন কমিশনের চেয়ারম্যান আবদুর রশিদ উপস্থিত থাকবেন। ৫ ও ৬ সেপ্টেম্বর কমিটির সাধারণ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দুই বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা থাকবেন। সেখানে আদালতের রায়ের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য সংবিধানের অনুচ্ছেদভিত্তিক আলোচনা করা হবে। সূত্র আরও জানিয়েছে, গতকালের বৈঠকে সংবিধান সংশোধন সম্পর্কে আইন কমিশনের দুটি প্রতিবেদন এবং সংসদ সচিবালয়ের পর্যালোচনা কমিটির প্রতিবেদন নিয়েও আলোচনা হয়। এই তিনটি প্রতিবেদনের ওপর কমিটির সদস্য রহমত আলী ও হাসানুল হক ইনু লিখিতভাবে নিজেদের মতামত উত্থাপন করেন। এই দুজনের দেওয়া মতামত বিশ্লেষণ করে আগামী বৈঠকে উত্থাপনের জন্য কমিটির অন্য সদস্যদের বলা হয়েছে। মূল সংবিধানের ধর্মনিরপেক্ষতা এবং পরে সংযোজিত রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধপূর্ণ অবস্থান নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। সদস্যদের কেউ কেউ বলেছেন, ধর্মনিরপেক্ষতা সংবিধানের প্রস্তাবনার অংশ। তাই এতে কোনো ধরনের সংশোধনী আনা যাবে না। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর এ বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের মন্তব্য নিয়েও বৈঠকে আলোচনা হয়। রায়ের পর বিশেষজ্ঞদের কেউ কেউ মন্তব্য করেছেন, বাহাত্তরের সংবিধানে ফেরার জন্য সংসদে যাওয়ার প্রয়োজন নেই। আদালতের নির্দেশনা অনুযায়ী গেজেট প্রকাশ করলেই চলবে। জানা গেছে, এ বিষয়ে আইন কমিশনের চেয়ারম্যান আবদুর রশিদ বৈঠকে বলেছেন, আদালত সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখেন না। নির্দেশনা দিতে পারেন। সংবিধান সংশোধন করার একমাত্র ক্ষমতা সংসদের। গতকালের এই বৈঠকে সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও কমিটির সভাপতি সাজেদা চৌধুরী, সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম, রহমত আলী, ফজলে রাব্বি মিয়া, রাশেদ খান মেনন, আবদুল মতিন খসরু, আনিসুল ইসলাম মাহমুদ, হাছান মাহমুদ ও শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।