অনুদান ও ধারে নির্বাচনী ব্যয় মেটাবেন ২০ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী স্বজন ও নিকটাত্মীয়দের স্বেচ্ছায় দেওয়া অর্থ ও তাঁদের কাছ থেকে নেওয়া ধার দিয়েই নির্বাচনী ব্যয় নির্বাহ করছেন কুমিল্লার বরুড়া এবং মেঘনা উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের ২০ প্রার্থী। এ দুই উপজেলায় ১২ জন চেয়ারম্যান, আটজন ভাইস চেয়ারম্যান ও ছয়জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ফরম-‘ড’তে নির্বাচনী ব্যয় মেটাতে আত্মীয়স্বজনের কাছ থেকে এভাবে অর্থপ্রাপ্তির কথা জানান দেন। পরশু রোববার দুই উপজেলার নির্বাচন হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরুড়ায় চেয়ারম্যান প্রার্থী আবদুল খালেক চৌধুরীকে তাঁর ছেলে ফজলুল কাদের চৌধুরী স্বেচ্ছায় পাঁচ লাখ টাকা দিয়েছেন। তাঁর এক চাচাতো ভাই এক লাখ টাকা ধার দিয়েছেন। মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে তাঁর ভাতিজা দুই লাখ টাকা দান করেছেন এবং এ কে এম সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি চার লাখ টাকা ধার দিয়েছেন। মাজহারুল ইসলামকে তাঁর নিউইয়র্কপ্রবাসী চিকিৎসক বোন দিলরুবা আক্তার আড়াই লাখ টাকা ধার এবং কানাডাপ্রবাসী ভাই মনিরুল ইসলাম আড়াই লাখ টাকা অনুদান দিয়েছেন। দুলাল মিয়া তাঁর শাশুড়ি, শ্যালক, মামাতো ভাই ও পরিচিত আরও দুই ব্যক্তির কাছ থেকে ধার ও দানের টাকা নিয়ে নির্বাচন করছেন।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জহিরুল হককে তাঁর বোন মনোয়ারা বেগম তিন লাখ ও বরুড়া উপজেলা ছাত্রদলের সমন্বয়ক আবু নাসের স্বেচ্ছায় এক লাখ টাকা দিয়েছেন। আবুল বাশারকে তাঁর ভাগিনা মীর হোসেন দিয়েছেন দুই লাখ টাকা। মিজানুর রহমানকে তাঁর শ্বশুর জাকির হোসেন দেড় লাখ টাকা দিয়েছেন। কামাল হোসেনকে তাঁর খালাতো ভাই শরীফউদ্দিন আহমেদ তিন লাখ এবং কলেজশিক্ষক মাসুদ মজুমদার দুই লাখ টাকা দিয়েছেন।

এদিকে মেঘনার চেয়ারম্যান প্রার্থী রমিজউদ্দিন নিজ ব্যবসা থেকে পাঁচ লাখ টাকা খরচ করবেন বলে মনোনয়নপত্রে উল্লেখ করেছেন। তবে অপর প্রার্থী মোবারক হোসেনকে তাঁর দুই ভাই দেড় লাখ টাকা দিয়েছেন। গাফফার নিজ পকেট থেকে দুই লাখ টাকা ব্যয় করছেন। আলতাফ হোসাইন তাঁর দুবাইপ্রবাসী দুই ভাইয়ের কাছ থেকে দুই লাখ টাকা নেবেন। মোস্তাফিজুর রহমান নিজ ব্যবসা থেকে পাঁচ লাখ টাকা ব্যয় করবেন। আবদুস সালামের চাচাতো ও মামাতো ভাই মিলে তাঁকে দুই লাখ টাকা দিয়েছেন। ফারুক সরকার নিজ ব্যবসা থেকে চার লাখ টাকা এবং আজহারুল হক পাঁচ লাখ টাকা ব্যয় করবেন।

এখানকার ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম নির্বাচনে তিন লাখ টাকা খরচ করবেন বলে ফরমে জানিয়েছেন। জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যয় মেটাবেন তাঁর স্ত্রী ও মেয়ে। মিজানুর রহমানের খরচ জোগাবেন তাঁর স্ত্রী হুমায়রা বেগম ও শ্বশুর শাহজাহান। লিটন আব্বাসী নিজ ব্যবসা থেকে ব্যয় মেটাবেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, ‘মনোনয়নপত্রে প্রার্থীরা যা বলেন, প্রকৃতপক্ষে তাঁরা এর চেয়েও বেশি ব্যয় করেন।’

রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, এলাকায় ভোটার সংখ্যার ভিত্তিতে প্রার্থীদের ব্যয়ের মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে অনুযায়ী তাঁদের নির্বাচনী ব্যয়ের খাত দেখিয়েছেন।