অনুদান কমাচ্ছে দাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো নানা অজুহাতে অনুদান কমিয়ে দিচ্ছে। এ কারণে স্বাস্থ্য খাতে সরকারের বরাদ্দ কাঙ্ক্ষিত পর্যায়ে হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘মন্ত্রণালয়ের সব কাজ স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে। যন্ত্রপাতি থেকে শুরু করে সব ধরনের কেনাকাটায় পৃথক কমিটি আছে। জনবল নিয়োগ ও পদোন্নতির জন্য পৃথক কমিটি আছে। কোনো ব্যক্তির একক সিদ্ধান্তে কাজ হয় না। তারপরও বিদেশি বন্ধুরা নানা শর্ত জুড়ে দিয়ে অনুদান কমিয়ে দেওয়ার চেষ্টা করছে।’
বিশ্ব স্বাস্থ্য দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘সুশৃঙ্খল জীবনযাপন করুন: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’।
স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে এক প্রসঙ্গে বলেন, ‘অর্থ পাচার নিয়ে সারা দুনিয়ায় তোলপাড় হচ্ছে। এর কতটুকু সত্য কতটুকু মিথ্যা, জানি না। কিন্তু এ ব্যাপারে টিআইবি এখন কোনো কথা বলছে না।’
স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান বলেন, দেশের সব ডায়াবেটিস রোগীর যথাযথ চিকিৎসা দিতে হলে মোট স্বাস্থ্য বরাদ্দের এক-চতুর্থাংশ খরচ হয়ে যাবে। স্বাস্থ্য খাতে বরাদ্দের হার প্রতিবছর কমছে। তিনি স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির জন্য সরকারকে অনুরোধ করেন।
বারডেমে আলোচনা সভা: দিবসটি উপলক্ষে সকালে আলোচনা সভার আয়োজন করে বারডেম হাসপাতাল। সভায় বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক মো. ফারুক পাঠান বলেন, ‘চেষ্টা থাকতে হবে যেন ডায়াবেটিস না হয়। হয় তো হোক। সুশৃঙ্খল জীবনযাপন করলে ওষুধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। পরিচিত ব্যক্তি বা বন্ধুকে সচেতন করার জন্য জিজ্ঞেস করতে হবে, তুমি কি হাঁটো।’
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, দেশে ডায়াবেটিস রোগী আছে প্রায় ৭১ লাখ। ডায়াবেটিক সমিতির বিভিন্ন হাসপাতালের মাধ্যমে ৩০ লাখ বা ৪২ শতাংশ রোগীকে সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া সরকারি ও অন্য বেসরকারি উদ্যোগেও চিকিৎসা হচ্ছে। সব মিলিয়ে ৬০ থেকে ৬৫ শতাংশ রোগী চিকিৎসা পাচ্ছে। অর্থাৎ একটি বিরাটসংখ্যক রোগী চিকিৎসার বাইরে রয়ে গেছে।
অনুষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক চিকিৎসককে “হেলথ এডুকেটর” হিসেবে কাজ করতে হবে। ব্যবস্থাপত্রে ইনসুলিন বা ওষুধ লেখার পাশাপাশি একবার করে স্বাস্থ্য-সচেতনতার বিষয়টি বলতে হবে। এ বলাটা চিকিৎসকের দায়িত্ব।’
দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে মেলার আয়োজন করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।