অনুদান দিয়ে চাকরি, পদত্যাগের জন্য চাপ
অফিস সহকারী পদে নিয়োগ পাওয়ার জন্য বিদ্যালয়ের উন্নয়নে ৮০ হাজার টাকা দান করেছিলেন তিনি। কর্তৃপক্ষের কাছ থেকে মৌখিক আশ্বাস পেয়ে বিনা বেতনে পাঁচ বছর চাকরিও করেছেন। এখন অধ্যক্ষ তাঁকে পদত্যাগ করার জন্য তাগিদ দিচ্ছেন।হতভাগা মানুষটির নাম শাহীন সরকার। তাঁর বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধুনকুড়াইল গ্রামে। তিনি ওই উপজেলার ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজে পাঁচ বছর ধরে কর্মরত আছেন।কলেজ সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১ জুন কলেজ পরিচালনা কমিটির সিন্ধান্ত অনুযায়ী শাহীনকে ৩ জুন নিয়োগ দেওয়া হয়। কলেজের অফিস সহকারী পদে তিনি যোগদান করেন ৫ জুন।শাহীন অভিযোগ করে বলেন, ‘নিয়োগ পাওয়ার জন্য দুই বিঘা জমি বিক্রি করে ৮০ হাজার টাকা কলেজের উন্নয়নে ডোনেশন দিয়েছি। পাঁচ বছর বিনা বেতনে চাকরি করার পর এখন কর্তৃপক্ষ বলছে আমার এমপিও হচ্ছে না। কয়েক সপ্তাহ ধরে আমাকে পদত্যাগ করার জন্য তাগিদ দিচ্ছেন কলেজের অধ্যক্ষ।’শাহীন আরও জানান, কলেজ কর্তৃপক্ষ এখন বলছে ৮০ হাজার টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু বর্তমানে দুই বিঘা জমির মূল্য সাত লাখ টাকা।অধ্যক্ষ মো. হাফিজুর রহমান বলেন, ‘ওই নিয়োগ আসলে ঠিকই ছিল। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শাহীনের কাছে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণের সনদ চেয়েছিল, কিন্তু সে তা দিতে পারেনি। পরে এমপিও হওয়ার কথা থাকলেও আর হয়নি। এ কারণে আমরা শাহীনকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছি।’পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলম চৌধুরী বলেন, ‘শাহীন যাতে সরকারি বেতন-ভাতা পায়, সে জন্য আমরা একটি রেজুলেশন ডিজি বরাবর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’