অনুদান পেল বিএনপি-জামায়াত!
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরাও প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ লক্ষ্মীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে এসব অভিযোগ করেছেন৷
২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে দশম সংসদ নির্বাচনের আগে ও পরে সহিংসতায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত মোট ৭৫টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করেন৷
প্রধানমন্ত্রী বরাবর পাঠানো ওই অভিযোগে উল্লেখ করা হয়, ৫ জানুয়ারি ভোটের দিন জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা খামার গোবিন্দপুর গ্রামের আওয়ামী লীগ সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন ও তাঁদের মারধর করেন৷ অথচ হামলাকারীদের ক্ষতিগ্রস্ত দেখিয়ে প্রধানমন্ত্রীর অনুদানের চেক দেওয়া হয়েছে৷ এঁদের মধ্যে খামার গোবিন্দপুর গ্রামের জামায়াতকর্মী রাজু মিয়া, মো. ফেরেশা, মোজাম্মেল হাজী, শিবিরকর্মী মাইদুল, বিএনপির কর্মী আবদুল জলিল, মো. রিয়াজল, চান মিয়া, জলিল মিয়া, মাহাবুব মিয়া, আবদুর রশিদ মাস্টার, আবদুল ওয়াহেদ ২০ হাজার টাকা করে পেয়েছেন৷
আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওই দিনের মারধরের ঘটনায় আমরা হাসপাতালে থাকতে আক্রমণকারীদের কয়েকজন নিজেদের অপকর্ম ঢাকতে তাঁদের দোকানের মালামাল সরিয়ে নিজেরাই আগুন ধরিয়ে দেন৷’ ক্ষতিগ্রস্ত না হয়েও তাঁরা চেক পেয়েছেন, তাই তাঁদের চেকগুলো বাতিলের দাবি জানিয়েছেন তিনি৷ অভিযোগ অস্বীকার করে অনুদান পাওয়া আবদুর রশিদ মাস্টার ও আবদুল ওয়াহেদ বলেন, ‘কে কোন দল করেন, সেটা বড় বিষয় নয়, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরাই প্রধানমন্ত্রীর অনুদান পেয়েছেন৷’ অন্যরাও একই কথা বলেন৷অনুদানপ্রাপ্তদের দলীয় পরিচয় জানতে চাইলে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজু বলেন, যাঁরা অনুদান পেয়েছেন তাঁদের মধ্যে একজন বিএনপিকর্মী৷ অন্যরা বিএনপির সমর্থক হতে পারে৷
তবে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের স্থানীয় এক নেতা জানিয়েছেন, ৫ জানুয়ারি আওয়ামী লীগের কর্মীরাও বিএনপি-জামায়াতের অনেক নেতা-কর্মী ও সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন৷ অনুদান পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অনেক কর্মী-সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাঁরা অনুদান পাবেন না কেন৷ আর প্রধানমন্ত্রী তো কেবল আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নন, তিনি সবার প্রধানমন্ত্রী৷’এদিকে অভিযোগের সূত্র ধরে ২৮ জানুয়ারি খামার গোবিন্দপুর গ্রামে গিয়ে জানা যায়, বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকেরা ৫ জানুয়ারি সকালে খামার গোবিন্দপুর সরকারি প্রথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেন৷ এ সময় তাঁরা বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন৷ পরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরাও বিএনিপ-জামায়াতের কর্মী-সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন৷ এ নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম ১৫ জনের নাম উল্লেখ করে ২০-২৫ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা করেন৷
৬ জানুয়ারি গাইবান্ধা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোফাখখারুল ইসলামের নির্দেশে খামার গোবিন্দপুর গ্রামের ইউপি সদস্য রশিদ মিয়া, প্যানেল চেয়ারম্যান জলিল সর্দার ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেন৷ খামার গোবিন্দপুর গ্রামের ইউপি সদস্য রশিদ মিয়া বলেন, তালিকা তৈরিতে অনিয়ম হয়নি৷ খাইরুল ইসলাম তাঁর ভাই প্রধানমন্ত্রীর অনুদান পাননি বলে ক্ষুব্ধ হয়ে তিনি এই অভিযোগ করেছেন৷লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম জেলা জামায়াতের সেক্রেটারি৷ তিনি গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর রায় ঘোষণার দিন সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ কনস্টেবল হত্যা মামলার আসামি হওয়ায় পলাতক রয়েছেন৷
বর্তমান প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা জলিল সর্দার বলেন, গত ৫ জানুয়ারি সহিংসতায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন কেবল তাঁদের নামই তালিকাভুক্ত করা হয়েছে৷ তালিকায় বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীর নাম থাকতে পারে, তবে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেই তাঁদের নাম তালিকাভুক্ত করা হয়৷ গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, বিএনপি-জামায়াত কি না তা বিবেচনা করে তালিকা করা হয়নি, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের নামই তালিকাভুক্ত করা হয়৷ আগেও তাঁরা চাল ও নগদ ৫০০ টাকা পেয়েছেন৷