অনুদানের অর্থ পায়নি ১৩টি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনায় লাশ পরিবহন ও সৎকারের জন্য নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। তবে গতকাল শনিবারও সেই অর্থ পায়নি নিহত ১৩ জনের পরিবার।
গতকাল দুপুরে পাটুরিয়া ঘাটে জেলা প্রশাসনের কন্ট্রোলরুমে লাশ পরিবহন ও সৎকারের টাকা নিতে এসেছিলেন লঞ্চডুবিতে নিহত মানিকগঞ্জের ঘিওরের কুশন্ডা গ্রামের মান্নু পাগলার ছেলে মামুল মোল্লা। কিন্তু তিনি টাকা না পেয়ে বাড়ি ফিরে যান।
গত রোববার দুপুর পৌনে ১২টার দিকে পাটুরিয়ার অদূরে একটি কার্গো জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চ উল্টে ডুবে যায়। এ ঘটনায় ৮০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে চারজন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম হোসেন বলেন, ৬৬ জন নিহত ব্যক্তির পরিবারকে ৯ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কোষাগারে প্রয়োজনীয় অর্থ না থাকায় বাকি ১৩ জনের পরিবারকে টাকা দেওয়া যায়নি।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, ‘আজও নদীতে লাশ পাওয়া গেছে। এ কারণে নিহত ব্যক্তির চূড়ান্ত তালিকা মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি। নিহত ব্যক্তিদের চূড়ান্ত তালিকা তৈরি করে অনুদানের টাকা চেয়ে আবেদন করা হবে। সেই টাকার সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষিত বাকি টাকাও নিহত ব্যক্তিদের পরিবারকে দেওয়া হবে।’
দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেছিলেন, অনুদান হিসেবে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে মন্ত্রণালয় থেকে ১ লাখ ৫ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া লাশ পরিবহন ও সৎকারের জন্য ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেয় জেলা প্রশাসন।