অনুদানের চেক নিয়ে তিন পরিবার বিড়ম্বনায়
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস দুর্ঘটনায় নিহত ৩৫ পরিবারের মধ্যে গুরুদাসপুরের তিনটি পরিবার সরকারি অনুদানের চেক নিয়ে বিড়ম্বনায় পড়েছে। তাদের দেওয়া চেকে নামবিভ্রাট ঘটায় তারা অনুদানের টাকা তুলতে পারছে না।
ক্ষতিগ্রস্ত পরিবার তিনটি হচ্ছে উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পরিষদের সিধূলি গ্রামের শরিফুল ইসলাম, আজাদ শেখ ও সোনাবাজু গ্রামের হানিফ আলীর। তাঁদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ধরনা দিয়েও তাঁরা কোনো লাভ পাচ্ছেন না।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২০ অক্টোবর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে বাস দুর্ঘটনায় ৩৫ জন মারা যান। নিহত ব্যক্তিদের পরিবারকে সরকারিভাবে এক লাখ টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। নিয়ম ছিল, নিহত কারও বাবা-মা ও স্ত্রী থাকলে বাবা-মা ৫০ হাজার ও স্ত্রী ৫০ হাজার টাকা পাবেন। কিন্তু দুর্ঘটনায় নিহত শরিফুল ইসলাম ও আজাদ শেখের বাবা-মা আগেই মারা গেছেন। কিন্তু ভুলক্রমে তাঁদের মৃত বাবার নামে ৫০ হাজার টাকা করে চেক দেওয়া হয়। বাকি ৫০ হাজার টাকা তাঁদের বর্তমান স্বজনেরা পেয়েছেন। আর হানিফ আলী নামের নিহত অপর একজনের মৃত বাবার নামে পুরো এক লাখ টাকারই চেক দেওয়া হয়। ফলে নিহত ওই তিনজনের পরিবারের সদস্যরা মৃত ব্যক্তিদের নামে ইস্যু করা চেকের টাকা তুলতে পারেননি।
গুরুদাসপুরের ইউএনও ইয়াসমিন আক্তার গত বছরের ২৬ অক্টোবর ওই চেকগুলো সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পাঠান। কিন্তু সাত মাসেও আর সেগুলো সংশোধিত হয়ে আসেনি।
ইউএনওর দপ্তরে আসা নিহত শরিফুলের স্ত্রী বিউটি (৩৫) গত রোববার বলেন, চেকটি পাওয়ার জন্য মাসের পর মাস তিনি ইউএনওসহ বিভিন্ন জনপ্রতিনিধির কাছে ঘুরছেন। কেউ কিছু বলতে পারেন না। এদিকে গৃহকর্তার মৃত্যুতে টাকার অভাবে ১০ বছরের মেয়ে বিথী, সাত বছরের ছেলে বিশাল ও চার মাসের সন্তান মামুনকে নিয়ে খেয়ে না-খেয়ে দিন কাটাতে হচ্ছে। তা ছাড়া শরিফুলের রেখে যাওয়া ৩ লাখ ৮০ হাজার টাকার ঋণের চাপে বাড়িতে থাকতে পারছেন না।
নিহত আজাদ আলীর স্ত্রী মছিরন (৪০) বলেন, চেকের ভুল ঠিক করতে সব জায়গায় ধরনা দিয়ে শুধু হয়রানিই হচ্ছেন। সমাধান হচ্ছে না।
ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন বলেন, ‘ইউএনওর মাধ্যমে ভুল চেক সংশোধনের জন্য দীর্ঘদিন আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো খবর নেই। ভুক্তভোগীরা আমাকে ধরেন। অথচ আমার কিছুই করার নেই।’
ইউএনও ইয়াসমিন আক্তার বলেন, সে সময় ভুলবশত নিহত ব্যক্তিদের মৃত বাবার নামে অনুদানের চেকগুলো দেওয়া হয়। এতে ওই পরিবারগুলোর সাময়িক কষ্ট হচ্ছে। তবে নামবিভ্রাট হওয়া চেকগুলো সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ নিয়ে তদবিরও করা হচ্ছে।