সাভারে রানা প্লাজায় নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নামে যুক্তরাজ্য থেকে সংগৃহীত অর্থ একটি মানবাধিকার প্রতিষ্ঠান সহযোগী আরেকটি ক্ষুদ্রঋণ বিতরণ প্রতিষ্ঠানে জমা করছে বলে অভিযোগ উঠেছে। বাণিজ্যিক ব্যাংকের বদলে অনুদানের ওই টাকা ক্ষুদ্রঋণ বিতরণ প্রতিষ্ঠানে জমা রাখায় আর্থিক সহায়তা প্রদানকারীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে বেসরকারি ওই প্রতিষ্ঠান গতকাল মঙ্গলবার রানা প্লাজায় নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠান শেষে অনাথ ১২ শিশুকে আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল, ‘রানা প্লাজার ঘটনায় নিহত শ্রমিকদের অনাথ শিশুদের জন্য বেতার বাংলা লন্ডন, বেতার বাংলা শ্রোতা ফোরাম এবং মানবাধিকার কমিশন ইউকে ও লন্ডন শাখা কর্তৃক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান’।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে নিহত শ্রমিক পরিবারের সদস্যদের সাহায্যে অর্থ সংগ্রহ করেন যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা। তবে ওই অর্থ বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহযোগী প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব রুরাল ডেভেলপমেন্টে (আইআরডি) জমা রাখা হয়েছে। ওই প্রতিষ্ঠানটি গতকাল দেড় লাখ টাকার রসিদ দিয়েছে ১২ শিশুর হাতে, বিনিময়ে তাদের প্রতি মাসে দেড় হাজার টাকা দেওয়া হবে। অনুদানের টাকা একটি বেসরকারি সংস্থায় জমা রেখে সেখান থেকে মাসে মাসে সুদ দেওয়া এবং দীর্ঘ সময় ধরে ওই তহবিলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুদান প্রদানকারী কয়েকজন।
আয়োজকেরা জানান, রানা প্লাজার ঘটনার পর ব্রিটেন থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা দিতে প্রাথমিকভাবে ১৮ লাখ ৩৩ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। ১২ শিশুর প্রত্যেককে জনপ্রতি দেড় লাখ টাকা দেওয়া হয়েছে। আরও টাকা তুলে পর্যায়ক্রমে এক শ জনকে সহায়তা করা হবে। এ টাকা বেসরকারি সংস্থার তহবিলেই থাকবে। ১৮ বছর পূর্ণ হলে তাদের নামে রাখা ওই অর্থ শিশুরা আইআরডি থেকে উত্তোলন করতে পারবে।
কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম বলেন, ইনস্টিটিউট অব রুরাল ডেভেলপমেন্ট নামে ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানে টাকা রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি বেশি সুদ দেবে বলে ব্যাংকে টাকা রাখা হয়নি বলে দাবি করেন তিনি।
মানবাধিকার কমিশনের লন্ডন শাখার সভাপতি মোহাম্মদ শহীদুর রহমান বলেন, আইআরডিতে টাকা রাখা হয়েছে। আইআরডি মানবাধিকার কমিশনের সহযোগী সংগঠন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, সাভারের ঘটনার এক সপ্তাহ পর বেতার বাংলার মাধ্যমে অনুদান গ্রহণের ঘোষণা দেওয়া হয়। সেখানে রেস্টুরেন্টে গ্রাহক ও শিশুদের কাছ থেকে, ডিনার মানি, মেলা করাসহ বিভিন্নভাবে এই অর্থ সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে কমিশনের জাতীয় উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিচারপতি এ কে এম সাদেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এনামুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খুলনা থেকে আসা অনুষ্ঠানে নিহত শিউলীর স্বামী মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, সাত বছর বয়সী শিশুকন্যা জুঁইয়ের নামে দেড় লাখ টাকার রসিদ দিয়েছে। এর বিপরীতে প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেবে। গতকাল নগদ দিয়েছে আড়াই হাজার টাকা। তবে ঢাকায় আসতে আসতেই এক হাজার টাকা খরচ হয়ে গেছে।