অনুপ চেটিয়াকে ১৫ জুলাই ভারতে আনা হবে: শম্ভু সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উলফা নেতা অনুপ চেটিয়াকে আগামী ১৫ জুলাই ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ সরকার। গত বুধবার নয়াদিল্লিতে উত্তর-পূর্ব ভারতের দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শম্ভু সিং সাংবাদিকদের এ কথা জানান।

গত বুধবার আসামে শান্তি স্থাপনের লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় সরকার, আসামের রাজ্য সরকার ও উলফার নেতাদের মধ্যে দিল্লিতে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শম্ভু সিং সাংবাদিকদের বলেন, ‘১৫ জুলাই অনুপ চেটিয়াকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।’ তিনি বলেন, ‘সন্ত্রাস দমনে বর্তমান বাংলাদেশ সরকার ভারতকে সব ধরনের সহযোগিতা করে আসছে। এতে বাংলাদেশে আত্মগোপন করে থাকা বেশ কিছু ভারতীয় জঙ্গিকে গ্রেপ্তার করে দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। অনুপ চেটিয়ার ক্ষেত্রেও বিশেষ কোনো সমস্যা থাকার কথা নয়।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, ‘আশা করছি, উলফার সঙ্গে শান্তি আলোচনার চূড়ান্ত পর্বে উলফার প্রতিনিধি হিসেবে আলোচনার টেবিলে উপস্থিত থাকবেন অনুপ চেটিয়া।’

১৯৯৭ সালে অনুপ চেটিয়া ঢাকায় গ্রেপ্তার হন। তিনি আসামের জঙ্গি সংগঠন উলফা বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের সাধারণ সম্পাদক।

ত্রিপক্ষীয় বৈঠক শেষে উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া সাংবাদিকদের বলেন, ‘শিগগিরই চূড়ান্ত পর্বে পৌঁছেছে আমাদের শান্তি আলোচনা।’ তিনি বলেন, ‘আমরা আশাবাদী, অনুপ চেটিয়াকে শিগগিরই ভারতে আনা হবে। তিনি এলে আমরা সবাই খুশি হব।’

অরবিন্দ রাজখোয়া আশা প্রকাশ করেন, আগামী লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকার, আসাম সরকার ও উলফা প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় চূড়ান্ত বৈঠকে শান্তিচুক্তি সম্পাদন হবে।