ঢাকায় স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ৩ সেপ্টেম্বর
অনুপ চেটিয়া, সুব্রত বাইন, নূর হোসেনকে হস্তান্তরে গুরুত্ব
বাংলাদেশ ও ভারত শিগগির বন্দী হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। ঢাকায় অনুষ্ঠেয় দুই প্রতিবেশী দেশের আসন্ন স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে উলফা নেতা অনুপ চেটিয়া, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও সাজ্জাদ হোসেনকে ‘বহিঃসমর্পণ চুক্তির’ আওতায় হস্তান্তর করার বিষয়ে আলোচনার কথা রয়েছে। আলোচনায় আসবে নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে হস্তান্তরের প্রসঙ্গটি।
আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় এ বৈঠকে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান এবং ভারতের স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী দুই দেশের নেতৃত্ব দেবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বৈঠকে নির্ধারিত আলোচ্যসূচির বাইরে সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়ন এবং সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি তুলে ধরবে বাংলাদেশ। ভারতের পক্ষ থেকে উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে যাতে আশ্রয় না পায়, সে বিষয়ে আলোচনায় উত্থাপন করতে পারে। এ ছাড়া বহিঃসমর্পণ চুক্তি বাস্তবায়ন, বঙ্গবন্ধুর দুই খুনিকে গ্রেপ্তার, সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ, মাদক, মানব ও জাল নোট পাচার রোধ, অপরাধসংক্রান্ত বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা নিয়ে আলোচনা হবে। বৈঠকে মানব পাচার রোধ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে।
জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেক হক খান প্রথম আলোকে বলেন, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) শীর্ষ নেতা অনুপ চেটিয়া, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, সাজ্জাদ হোসেন ও নূর হেসেনকে হস্তান্তরের প্রসঙ্গ আলোচনায় আসতে পারে। নূর হোসেনের বিষয়ে ভারত সরকার যেসব তথ্য চেয়েছিল, ইতিমধ্যেই তাদের তা জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী অনুপ চেটিয়া এর আগে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চাইলেও সম্প্রতি ভারতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সম্প্রতি ভারতীয় হাইকমিশনের কনস্যুলার কর্মকর্তা জেপি সিং কাশিমপুর কারাগারে গিয়ে অনুপ চেটিয়ার সঙ্গে দেখা করেন। বহির্গমন চুক্তি অনুযায়ী, কোনো বন্দী ইচ্ছা করলে নিজ দেশে গিয়ে তিনি সাজা ভোগ করতে পারেন। এর জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাসের কর্মকর্তারা বন্দীর সঙ্গে দেখা করে তিনি তাঁর দেশের নাগরিক কি না তা শনাক্ত করবেন।
উলফার প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ চেটিয়াকে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশে অনুপ্রবেশ, বিদেশি মুদ্রা ও স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি পৃথক মামলায় আদালত তাঁকে কারাদণ্ড দেন। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁর সাজার মেয়াদ শেষ হয়। তবে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে ২০০৫, ২০০৮ ও ২০১১ সালে তিন দফা আবেদন করেন অনুপ চেটিয়া। গত বছর অনুপ চেটিয়া রাজশাহী কারাগারে বন্দী তাঁর দুই সহচর লক্ষ্মীপ্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকে নিয়ে ভারতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।