অনুপ চেটিয়াকে এ বছরই ভারতের কাছে হস্তান্তর
ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষস্থানীয় নেতা বাংলাদেশে কারাবন্দী অনুপ চেটিয়াকে চলতি বছরের শেষ নাগাদ ভারতের কাছে হস্তান্তর করা হতে পারে।বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বার্তা সংস্থাকে জানান, অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।অনুপ চেটিয়াকে হস্তারের বিষয়টি নয়াদিল্লির পক্ষ থেকে ঢাকার কাছে উত্থাপন করা হয়েছে। ১৪ অক্টোবর থেকে ঢাকায় বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আইনি প্রক্রিয়া শেষে অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হবে। কয়েক মাস আগে বাংলাদেশের কারাগারে উলফার ‘সাধারণ সম্পাদক’ অনুপ চেটিয়ার সাজা ভোগের মেয়াদ শেষ হয়। এর পর তাঁকে ভারতের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।১৯৯৭ সালে বাংলাদেশে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে অবৈধ অনুপ্রবেশ, জাল পাসপোর্ট ও অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার দায়ে বাংলাদেশের একটি আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দেন।বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। তবে একটি চুক্তির আওতায় এক দেশের কারাগারে বন্দী অন্য দেশের নাগরিকদের বিনিময়ের বাধ্যবাধকতা রয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশে আটক উলফার প্রধান অরবিন্দ রাজখোয়াসহ বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির বেশ কয়েকজন নেতাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। পিটিআই।