অনুপ চেটিয়াকে জেরা করছে সিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুপ চেটিয়া
অনুপ চেটিয়া

ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়াকে জেরা শুরু করেছে সে দেশের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। রাজধানী নয়াদিল্লিতে সিবিআই সদর দপ্তরে গতকাল বৃহস্পতিবার দিনভর তাঁকে জেরা করা হয়।
গত মঙ্গলবার গভীর রাতে অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। এরপর গতকাল তাঁকে নয়াদিল্লির একটি আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে ছয় দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছেন। এই সময়ের মধ্যে চেটিয়াকে আসামে নিয়ে যাওয়া হবে।
সিবিআইয়ের অন্যতম মুখপাত্র আর কে গউর গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ১৯৮৮ সালে আসামে এক খুনের ঘটনায় চেটিয়া অভিযুক্ত। রাজ্য সরকারের নির্দেশে সেই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই খুনের তদন্তের জন্যই চেটিয়াকে আসামে নিয়ে যাওয়া হবে। তবে কে খুন হয়েছিলেন গউর তা জানাতে চাননি।
সিবিআই সূত্রের খবর, আজ শুক্রবার আসাম থেকে দিল্লি আসছেন গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেটিয়ার স্ত্রী মনিকা বড়ুয়া ও চেটিয়ার আইনজীবী বিজন মহাজন।
দীর্ঘ ১৮ বছর বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন চেটিয়া। তাঁকে প্রত্যর্পণ করা ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
চেটিয়ার প্রত্যর্পণের ফলে উলফা নেতাদের সঙ্গে বন্ধ থাকা ভারত সরকারের শান্তি আলোচনা গতি পাবে বলে মনে করা হচ্ছে।