অনুপ চেটিয়াকে ফেরত নিতে ভারত সরকারের কাছে দাবি উলফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আটক ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে স্বদেশে ফিরিয়ে নিতে সংগঠনের নেতারা সরকারের কাছে দাবি তুলেছেন।গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ভারতের স্বরাষ্ট্রসচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে উলফা নেতারা ওই দাবি তোলেন। নেতারা চাইছেন, সরকারের সঙ্গে তাঁদের যে শান্তি আলোচনা চলছে, এতে অনুপ চেটিয়াকেও অংশ নেওয়ার সুযোগ দেওয়া হোক।বৈঠকের পর উলফার বিদেশ-সচিব শশধর চৌধুরী টেলিফোনে বিবিসি বেতারকে বলেন, ‘অনুপ চেটিয়াকে ফিরিয়ে আনার জন্য অনেক দিন ধরে সরকারকে বলা হচ্ছে। বর্তমানে সরকারের সঙ্গে উলফার সম্পর্কও ভালো। কিন্তু অনুপ চেটিয়া বাংলাদেশে বন্দী। ভারত সরকার আশ্বস্ত করেছে, বিষয়টি নিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করবে।’বেআইনিভাবে প্রবেশের অভিযোগে ১৯৯৭ সালে বাংলাদেশে গ্রেপ্তার হন অনুপ চেটিয়া। তাঁর কারাবাসের মেয়াদ শেষ হলেও এখনো তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়নি।ভারতের সরকারি সূত্রের খবরে বলা হয়, উলফার কয়েকজন শীর্ষ নেতা যাতে বাংলাদেশে গিয়ে অনুপ চেটিয়ার সঙ্গে দেখা করতে পারেন, সে জন্য পাসপোর্টের ব্যবস্থা করা হচ্ছে। তিন দশক ধরে সশস্ত্র আন্দোলন চালানোর পর গত বছর থেকে সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করে উলফা। আলোচনায় সংগঠনের চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়াসহ দলের প্রায় সব শীর্ষ নেতা অংশ নিচ্ছেন।