উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। বিএসএফের মহাপরিচালক ইউ কে বানশাল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের প্রচলিত আইনে অনুপ চেটিয়ার শাস্তি হয়েছে। তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁকে ফিরিয়ে দেওয়ার জন্য সময় লাগবে।’ অনুপ চেটিয়াকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলা যায় কি না—জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তা বলতে পারেন।’এর আগে গত ৩ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও বলেছিলেন, উলফার এ নেতাকে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। ভারতে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে মহীউদ্দীন খান আলমগীর বলেন, খুনিদের ফিরিয়ে আনার বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হয়েছে। ভারতে খুনিরা শনাক্ত হওয়ামাত্রই সে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, ‘এ বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’১৬টি দেশের উল্লেখযোগ্য পরিমাণ মুদ্রা ও স্যাটেলাইট টেলিফোনসহ বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৯৯৭ সালের ডিসেম্বরে অনুপ চেটিয়াকে ঢাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পাসপোর্ট আইন, বৈদেশিক মুদ্রা, বিশেষ ক্ষমতা আইনসহ চারটি মামলায় তাঁর ১১ হাজার টাকা জরিমানাসহ কারাদণ্ড হয়। ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর থেকে তিনি সরকারের নিরাপত্তা হেফাজতে রয়েছেন।