অনুপ চেটিয়ার আবেদন সম্পর্কে জানেন না অ্যাটর্নি জেনারেল
রাজনৈতিক আশ্রয় চেয়ে বাংলাদেশের আদালতে উলফা নেতা অনুপ চেটিয়ার পুনরায় আবেদন করার বিষয়ে কিছু জানে না অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।বাংলাদেশের কোনো আদালতে অনুপ চেটিয়ার নতুন করে কোনো আবেদন করার তথ্য সংশ্লিষ্ট অন্য কোনো দপ্তরও নিশ্চিত করেনি।গত রোববার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের এক খবরে বলা হয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শম্ভু সিং ওই দেশের গণমাধ্যমকে বলেছেন, আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া রাজনৈতিক আশ্রয়ের জন্য বাংলাদেশের আদালতে আবারও আবেদন করেছেন।আসলেই বাংলাদেশের আদালতে অনুপ চেটিয়া এ রকম কোনো আবেদন করেছেন কি না, তা জানতে চাইলে গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের আবেদনের বিষয়ে আমার জানা নাই।’ অনুপ চেটিয়াকে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর থেকে পুলিশ গ্রেপ্তার করে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা হয়। তিনটি মামলায় তাঁর বিভিন্ন মেয়াদে সাজা হয়। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁর সাজার মেয়াদ শেষ হয়। এর পরও তিনি বাংলাদেশের কারাগারে বন্দী আছেন।