অনুপ চেটিয়ার ইচ্ছাতেই এ হস্তান্তর: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ফাইল ছবি

উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘তিনি দীর্ঘদিন আটক ছিলেন। তাঁর আটকাদেশ শেষ হয়েছে। তিনি ভারতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ জন্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ সকালে তিনি বাংলাদেশের সীমান্ত পার হয়েছেন।’
আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়েছে কি না--এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি সীমান্ত পার হয়েছেন। এটুকুই জানি। তবে তিনি বিজিবি-বিএসএফের মাধ্যমেই গেছেন। এটাকে যদি হস্তান্তর বলেন, তাহলে হস্তান্তর হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘উনি যাওয়ার সময় বলে গেছেন, তিনি সজ্ঞানে ও নিজের ইচ্ছায় গেছেন।’ তখন মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, কারাগার থেকে ছেড়ে দেওয়ার সময় কারও হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে কি না? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন কোনো বিদেশি আটক থাকেন এবং আটকাদেশ শেষ হয়ে যায়; তখন বিষয়টি দূতাবাসকে জানানো হয়।’
অনুপ চেটিয়া কোন কারাগারে ছিলেন—জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। অনুপ চেটিয়ার সঙ্গে আটক আরও দুজন বাবুল শর্মা ও শক্তিপ্রসাদও (প্রকৃতপক্ষে লক্ষ্মীপ্রসাদ গোস্বামী ও বাবুল শর্মা) আজ সীমান্ত পার হয়েছেন।’

নূর হোসেনকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকার যখন বলবে, তখনই তাঁকে ফিরিয়ে আনা হবে।

বাংলাদেশের কারাগারে বন্দী উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে আজ সকালে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রথম খবর প্রকাশ করে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। অন্যান্য গণমাধ্যমও একই খবর জানায়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।