অনুপযোগী লঞ্চকে জরিপ সনদ প্রদানকারীদের শাস্তি দাবি
চলাচলের অনুপযোগী ‘এমভি বিপাশা’কে জরিপ সনদ (সার্ভে সার্টিফিকেট) যারা দিয়েছে তাদের শাস্তি হওয়া দরকার। ২০ এপ্রিল দুর্ঘটনাকবলিত এই লঞ্চের মতো কয়েক শ নৌযানকে চলাচলের সুযোগ দিয়ে দুর্নীতি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিরা এসব অভিযোগ করেন। নিরাপদ নৌযান বাস্তবায়ন আন্দোলন নামের একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে। সংগঠনটি মনে করে, দুর্ঘটনার দায়ভার জরিপকারকসহ সমুদ্র পরিবহন অধিদপ্তর ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের। সতর্কভাবে লঞ্চ না চালানোর জন্য চালকসহ দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেছে সংগঠনটি।সমাবেশ থেকে বলা হয়, দুর্নীতি করে নিবন্ধন ও জরিপ সনদ প্রদান, পরিদর্শকদের দায়িত্ব পালনে অবহেলা, ভুল নকশা অনুমোদন, প্রতিকূল আবহাওয়ায় লঞ্চ চালানোর সুযোগ, যাত্রীসংখ্যা যাচাই না করেই মিথ্যা ঘোষণা দিয়ে ঘাট ছাড়ার অনুমতি দুর্ঘটনার কারণ। পীস, পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদ, গ্রিনবেল্ট ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন।