প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল বুধবার আরও সাত হাজার ৭৫৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এ নিয়ে দুই দিনে প্রায় ২৫ লাখ পরীক্ষার্থীর মধ্যে মোট দুই লাখ ৭০ হাজার ৭৮১ জন পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকল। এ ছাড়া গতকাল বিভিন্ন অভিযোগে বহিষ্কার করা হয় ১৮৪ জনকে। নওগাঁয় অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা ১৫ জন ভুয়া শিক্ষার্থী এবং তাদের সহযোগিতা করার অপরাধে আনন্দ স্কুলের চার শিক্ষিকাকে জেল-জরিমানা করা হয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, গতকাল প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাত হাজার ১৪১ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী অংশ নেয়নি। এ ছাড়া রংপুর বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ৬৭ ও খুলনা বিভাগে ৪১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে ছয়জন। অনুপস্থিত ছিল ৬১৪ জন।আজ বৃহস্পতিবার প্রাথমিকের ‘পরিবেশ পরিচিতি বিজ্ঞান’ এবং ইবতেদায়ির ‘কুরআন ও আকাইদ ফিকাহ’ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ২৯ নভেম্বর।নওগাঁ প্রতিনিধি জানান, অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে গতকাল নওগাঁর পোরশা উপজেলার নীতপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে ১৫ জন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ে। তাদের সহযোগিতা করার অপরাধে আটক হন চার শিক্ষিকা। শিক্ষিকারা ভুয়া পরীক্ষার্থীদের কেন্দ্রে নিয়ে আসা ও প্রবেশপত্রের ছবি বদল করতে সহযোগিতা করেছিলেন।পরে পরীক্ষাকেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা সাইফুর রহমানের আদালত চার শিক্ষিকার প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের জেল এবং প্রত্যেক ভুয়া পরীক্ষার্থীকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন।পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনের ৩ ধারা অনুযায়ী আসামিদের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে সাক্ষ্য-প্রমাণ নিয়ে এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত শিক্ষিকারা হলেন নীতপুর মুন্সিপাড়া আনন্দ স্কুলের শিক্ষিকা শামীমা নাসরিন, নীতপুর নতুনপাড়া আনন্দ স্কুলের মোরশেদা খাতুন, কুলাডাঙ্গা আনন্দ স্কুলের ফাহিমা বেগম ও কালাইবাড়ী চকিপুর আনন্দ স্কুলের নাদিরা বেগম।খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষায় ২৪ লাখ ৮৮ হাজার ১৪৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এর মধ্যে পঞ্চম শ্রেণীর মোট ২১ লাখ ৫৭ হাজার ১৫ পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী আর সমমানের তিন লাখ ৩১ হাজার ১৩৩ জন মাদ্রাসা শিক্ষার্থী ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে। কিন্তু পরীক্ষার প্রথম দিন দুই লাখ ৬৩ হাজার ২৬ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে। বহিষ্কার হয় ১৮৬ জন।