অনুপস্থিত তিন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটি না নিয়ে অনুপস্থিত থাকা তিন স্বাস্থ্য কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত তিন চিকিৎসক হলেন ইমরান খান, সিরাজুল ইসলাম ও নাইমা আক্তার। তাঁদের তিন দিনের মধ্যে অনুপস্থিত থাকার প্রকৃত কারণ ব্যাখ্যা করে জবাব দিতে বলা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, ছুটি না নিয়ে ৯ ফেব্রুয়ারি ইমরান খান, সিরাজুল ইসলাম ও নাইমা আক্তার হাসপাতালে আসেননি। দীর্ঘদিন ধরে তিনজন প্রেষণ, দুজন মাতৃত্বকালীন, একজন অর্জিত, তিনজন নৈমিত্তিক ছুটিতে আছেন। এই কারণে খাতা-কলমে ১৮ জন চিকিৎসক থাকলেও চিকিৎসক সংকট দূর হচ্ছে না।স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মমতাজুল হক বলেন, ছুটি না নিয়ে কোনো চিকিৎসক অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের নির্দেশমতো তথ্যটি সংশ্লিষ্ট বিভাগে লিখিতভাবে জানাতে হয়। ৯ ফেব্রুয়ারি যে তিন চিকিৎসক অনুপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেককে শোকজ করা হয়েছে।