অনুপস্থিত থাকায় বাবুর্চি বদলি, চিকিৎসকসহ চারজনকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বাবুর্চিকে (কুক) গতকাল বুধবার বদলি করা হয়েছে। এ ছাড়া এক চিকিৎসক, এক ক্যাশিয়ার ও দুই টেকনোলজিস্টকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে বেলকুচি উপজেলার সোহাগপুর উপস্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসা কর্মকর্তাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া চিকিৎসক না থাকা এবং নোংরা পরিবেশের কারণে চারটি ক্লিনিককে সাত দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে এ নির্দেশ দেওয়া হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সিভিল সার্জন মোহাম্মদ শামসুদ্দিন তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় চিকিৎসক আবুল হাসান মোহাম্মদ তৌহিদী, ক্যাশিয়ার নজরুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট মনোয়ারুল ইসলাম ও সেলিম উদ্দিন এবং বাবুর্চি কাজল খান কর্মস্থলে ছিলেন না। তাৎক্ষণিকভাবে কাজলকে শাস্তিমূলকভাবে উল্লাপাড়ার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বদলি করা হয়। পরে গতকাল ওই চিকিৎসক, ক্যাশিয়ার ও টেকনোলজিস্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ ছাড়া গত মঙ্গলবার বেলকুচি উপজেলার সোহাগপুর উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়েও চিকিৎসা কর্মকর্তা রাশেদুল হাসানকে কর্মস্থলে পাননি সিভিল সার্জন। এ কারণে তাঁকেও গতকাল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে প্রয়োজনীয় চিকিৎসক না থাকা, লাইসেন্স নবায়ন না করা এবং নোংরা পরিবেশে ক্লিনিক পরিচালনা করার অভিযোগে উপজেলা সদরের জনতা ক্লিনিক, যমুনা ক্লিনিক, গ্রিন লাইট ক্লিনিক এবং ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ রোডের জে এস ক্লিনিক বন্ধ করার জন্য সেগুলোর কর্তৃপক্ষকে সাত দিনের সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
সিভিল সার্জন মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।