ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সাতজন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় গত রোববার তাঁদের ওই নোটিশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিনা আখতার বেগম।
দন্ত বিশেষজ্ঞ নাফিজা আলম, চিকিৎসা কর্মকর্তা মোবাশ্বের সামিয়া হক, রেজাউল করীম, সৈয়দ তাসরিন আহমেদ, সৈয়দা আমেনা খায়ের, এইচ এম মশিউর রহমান ও মহিউদ্দিন হাসানকে ওই নোটিশ দেওয়া হয়েছে।
গত শনিবার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন গিয়ে দেখা যায়, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩৪ চিকিৎসকের মধ্যে ছয়জন উপস্থিত হয়েছেন। নির্দিষ্ট সময় (সকাল আটটা থেকে দুপুর আড়াইটা) পর্যন্ত অনুপস্থিত ছিলেন নয়জন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়, বর্তমানে ১০ জন চিকিৎসক ঢাকায় প্রশিক্ষণে, তিনজন বিশেষজ্ঞ প্রেষণে জেলা সদরে হাসপাতালে আছেন। এ সময় অন্য চিকিৎসকেরা কোথায়? এমন প্রশ্নের উত্তরে হাসিনা আখতার বেগম বলেছিলেন, পাঁচজনের উপজেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে থাকার কথা। একজন আছেন ছুটিতে। আর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. নোমান মিয়াসহ বাকিরা মৌখিক ছুটিতে রয়েছেন। এ নিয়ে গত রোববার স্থানীয় ও জাতীয় একাধিক দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর গত রোববার বিকেলে অনুপস্থিত নয়জনের মধ্যে সাতজনকে কারণ দর্শানোর নোটিশ দেন হাসিনা আখতার বেগম।
ওই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কার্যালয় সময় সকাল আটটা মানছেন না কেউই। অধিকাংশ চিকিৎসক আসেন সকাল নয়টার পর।
হাসিনা আখতার বেগম বলেন, ‘ওই সাতজনকে পাঁচ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আর যে দুজনকে নোটিশ করা হয়নি তাঁরা আমার কাছে বলেই অনুপস্থিত ছিলেন।’
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হাসিনা আক্তার গতকাল সোমবার মুঠোফোনে বলেন, নোটিশের জবাব পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।