অনুপস্থিত থাকায় অধ্যক্ষ বরখাস্ত
ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাজশাহীর বাগমারার মোহনগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত ও ৩৪ জন শিক্ষক-কর্মচারীর দুই দিনের বেতন কেটে রাখার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সাংসদের নির্দেশে কলেজের পরিচালনা পর্ষদ গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেয়।কলেজের উপাধ্যক্ষ নূরুল হুদা জানান, গত রোববার বেলা ১১টার দিকে স্থানীয় সাংসদ এনামুল হক ওই কলেজের সামনের পথ দিয়ে রাজশাহী যাচ্ছিলেন। কলেজ চলাকালে শ্রেণীকক্ষের বাইরে খোলা মাঠে বেশ কয়েকজন শিক্ষার্থীকে ঘোরাফেরা করতে দেখে তিনি কলেজ পরিদর্শনে যান। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে কথা বলে অধ্যক্ষসহ ২৯ জন শিক্ষক ও ছয়জন কর্মচারীর অনুপস্থিতির বিষয় জানতে পান। পরে তিনি হাজিরা খাতা দেখে তাঁদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত হন। ছুটি না নিয়ে অনুপস্থিত থাকায় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরিচালনা পর্ষদ গতকাল অধ্যক্ষ আবদুল লতিফ তরফদারকে সাময়িক বরখাস্ত করে উপাধ্যক্ষকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়। এ ছাড়া অন্য ৩৪ জনের দুই দিনের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়।সাংসদের ছোট ভাই ও পরিচালনা পর্ষদের সভাপতি মনিমুল হক বলেন, কলেজের ৬৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে অধ্যক্ষসহ ৩৫ জনই ছুটি না নিয়ে কর্মস্থলের বাইরে অবস্থান করছিলেন।অভিভাবক সদস্য ইউসুফ আলী অভিযোগ করেন, বেশ কয়েকজন শিক্ষক রাজশাহী শহরে অবস্থান করেন। সেখান থেকে তাঁরা সপ্তাহে দুই-তিন দিন প্রতিষ্ঠানে যাতায়াত করেন।