ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবর রহমান ফকির গতকাল মঙ্গলবার সেখানে হঠাৎ পরিদর্শনে যান। এ সময় ওই চিকিৎসকেরা অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কারণ দর্শানোর নোটিশ পাওয়া চিকিৎসকেরা হলেন: জ্যেষ্ঠ পরামর্শক (চক্ষু) রেজাউল করিম, চিকিৎসা কর্মকর্তা (এমও) আহম্মেদ ফয়সাল হাসান, চিকিৎসা কর্মকর্তা নাহিদ ফারজানা, চিকিৎসক রাহনুমা আমিন, খালেদ হাসান, সৈয়দ তানভীর আহম্মেদ, মাহমুদা আক্তার, মিয়া ওয়াহেদ, লুনা ওয়াহাব, মেহেদী হাসান, আছমা বেগম, রিফাদ রুমানা ও অনন্ত কুমার ভক্ত।ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, পরিদর্শনের সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সেখানে মোট ২১ জন চিকিৎসকের মধ্যে অনুমতি ছাড়াই ১৩ জনকে অনুপস্থিত দেখতে পান। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে তাঁদের আগামী তিন কর্মদিবসের মধ্যে অনুপস্থিতির কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।