অনুপস্থিত পাঁচ পরীক্ষার্থীর অন্য কেন্দ্রে পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা চলতি বছরের শুরুতেই বিদ্যালয় ছেড়ে অন্যত্র ভর্তি হয়। বোর্ডের অনুমোদন ধরে রাখতে পাঁচ শিক্ষার্থীর নামে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার নিবন্ধন করান বিদ্যালয়টির প্রধান শিক্ষক। কিন্তু ওই শিক্ষার্থীরা অন্য বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে।
গতকাল রোববার শিকদারহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের কুমারপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে দেখা গেছে।
গত শুক্রবার জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরুর দিন সকালে সরকারি বালক উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের মাল্টিপারপাস ভবনের নিচতলার একটি কক্ষে গিয়ে দেখা গেছে, ওই কক্ষের ৫৫৬৯৪৩ থেকে ৫৫৬৯৪৭ রোল নম্বর পর্যন্ত পাঁচ পরীক্ষার্থী অনুপস্থিত। খোঁজ নিয়ে জানা যায়, অনুপস্থিত ওই পরীক্ষার্থীরা ভাতগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা যায়, এই বিদ্যালয় এমপিওভুক্ত না হওয়ায় বাথুইন জুনিয়র বালিকা বিদ্যালয় থেকে ওই পাঁচ শিক্ষার্থীর নিবন্ধন করানো হয়। ভাতগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বাথুইন জুনিয়র বালিকা বিদ্যালয় কেন্দ্রে তাদের চলতি জেএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পরে কেন্দ্র পরিবর্তিত হয়ে সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে সিট পড়ে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব আবুল হোসেন বলেন, ‘কয়েকটি বিদ্যালয়ের একজন-দুজন করে পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও ভাতগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সব পরীক্ষার্থীই অনুপস্থিত থাকে।’
গতকাল দ্বিতীয় পরীক্ষা শেষে কুমারপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে ওই পাঁচজনের মধ্যে ডলি রানীর সঙ্গে এই প্রতিবেদকের দেখা হয়। জানতে চাইলে সে বলে, চলতি বছরের শুরুতে অষ্টম শ্রেণির সব শিক্ষার্থী ভাতগাঁও বিদ্যালয় ছেড়ে নিজের পছন্দের বিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়। জেএসসি পরীক্ষায় তারা ওই সব বিদ্যালয় থেকেই পরীক্ষা দিচ্ছে।
দুই বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় নিবন্ধন করেছ কেন—এমন প্রশ্নের জবাবে মায়া রানী রায় বলে, ‘আমি এই স্কুল থেকেই রেজিস্ট্রেশন করেছি। ওই স্কুলের স্যারেরা আমার নামে কীভাবে রেজিস্ট্রেশন করেছেন, তা বলতে পারব না।’
ভাতগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা যায়, ২০০০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সেটি এখনো বেতন-ভাতার ক্ষেত্রে সরকারি অনুদান (এমপিওভুক্ত) পায় না। ফলে বেতন-ভাতা না পেয়ে অনিয়মিত হতে শুরু করেন শিক্ষকেরা। চলতি বছরের শুরুতে অষ্টম শ্রেণির সব শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে যায়। প্রধান শিক্ষক শিক্ষা বোর্ডের অনুমোদন ধরে রাখতে চলে যাওয়া পাঁচজনের নামে নিবন্ধন করেন। এদিকে ওই পাঁচজন বছরের শুরুতে বিদ্যালয় থেকে ছাড়পত্র নিয়ে শিকদারহাট উচ্চবিদ্যালয়ের ভর্তি হয় বলে প্রধান শিক্ষক ওমর ফারুক নিশ্চিত করেছেন।
ভাতগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফ্ফার বলেন, ‘সরকারি অনুদান না পেয়েও ১৫ বছর স্কুলটি চলেছে। এ বছর শিক্ষার্থী না থাকায় বোর্ডের অনুমোদন ধরে রাখতে ওই পাঁচ শিক্ষার্থীর নামে নিবন্ধন করে রেখেছিলাম। মনে করেছিলাম, শেষ পর্যন্ত ওরা আমার স্কুল থেকেই পরীক্ষা দেবে। কিন্তু শত চেষ্টা করেও আমার স্কুল থেকে তাদের পরীক্ষা দেওয়াতে পারিনি।’
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। একই শিক্ষার্থী দুই বিদ্যালয় থেকে নিবন্ধন করতে পারে না। এর পরও কীভাবে নিবন্ধন হলো, বিষয়টি খতিয়ে দেখতে হবে।’