অনুপস্থিত শিক্ষার্থী ১৭৬ অধিকাংশই ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে বেশির ভাগই ছাত্রী। এদের মধ্যে অনেকের বাল্যবিবাহের কারণে পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীর অভিভাবকেরা।
উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষায় উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ৩৮টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং ৩৫টি মাদ্রাসার মোট পরীক্ষার্থী ৬ হাজার ২৫০ জন। এদের মধ্যে এ পর্যন্ত অনুপস্থিত শিক্ষার্থী ১৭৬ জন, যাদের মধ্যে বেশির ভাগই ছাত্রী।
উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, এই কেন্দ্রগুলোতে অনুপস্থিত শিক্ষার্থী ১১০ জন। এদের মধ্যে ৯০ জনই ছাত্রী। ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯; এর মধ্যে ছাত্রীই ১৭ জন। একইভাবে সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৩১ জনের মধ্যে ২৩ জন, চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১১ জনের মধ্যে ৯ জন, ধানগড়া ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৩১ জনের মধ্যে ২৮ জন, সলঙ্গা ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ২৩ জনের মধ্যে ১৩ জন ছাত্রী।
উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান সরোয়ারদি সরকার বলেন, তাহমিনা খাতুন নামের এক জেএসসি পরীক্ষার্থী বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার পরে শ্বশুরবাড়ির লোকজনের আপত্তির কারণে পরের পরীক্ষাগুলো আর দিতে পারেনি। মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেও পরীক্ষা শেষ করানো যায়নি।
রৌহা এইচজিবিএল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল আলম বলেন, ‘আমাদের না জানিয়ে বাড়ির লোকজন তাঁদের মেয়েদের বিয়ে দিয়ে দেন। খবর পেলে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করি।’
রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষায় কী কারণে শিক্ষার্থীরা অনুপস্থিত হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইউএনও ইকবাল আখতার বলেন, বাল্যবিবাহ রোধ করতে আইনের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।