অনুপস্থিত শিক্ষার্থীদের বড় অংশ ঝরে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গতকাল সোমবার শেষ হয়েছে। খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশের সবচেয়ে বড় এ পাবলিক পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল প্রায় ২৫ লাখ শিক্ষার্থী। এর মধ্যে দুই লাখ ৮১ হাজার ১২১ জন পরীক্ষায় অংশ নেয়নি। বিভিন্ন অভিযোগে বহিষ্কার করা হয়েছে ৬৬১ জন। পরীক্ষায় অংশ না নেওয়া প্রায় তিন লাখ শিক্ষার্থীর একটি বড় অংশের প্রাথমিক স্তর থেকে ঝরে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।এ বছর পরীক্ষায় অংশ না নেওয়া শিক্ষার্থী মোট শিক্ষার্থীর ১১ দশমিক ৩২ শতাংশ। প্রাথমিক শিক্ষা সমাপনীতে অনুপস্থিতির হার ১০ ভাগ আর ইবতেদায়িতে অনুপস্থিত ছিল ২০ ভাগ শিক্ষার্থী।২০০৬ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) প্রতিবেদনে বলা হয়, দেশে যেসব শিক্ষার্থীর শিক্ষাজীবনে একবার বাধা আসে, তাদের মাত্র আড়াই থেকে ২ দশমিক ৭ শতাংশ আবার লেখাপড়ায় ফিরে আসে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০০৯ সালের বার্ষিক প্রতিবেদনে (এএসপিআর) বলা হয়, ২০০৮ সালে পঞ্চম শ্রেণীতে একবার লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পুনরায় লেখাপড়ায় ফিরে এসেছিল ৫ দশমিক ২ ভাগ। ২০০৭ সালে এ হার ছিল ২ দশমিক ২ শতাংশ, ২০০৬ সালে ছিল ৫ দশমিক ৫ এবং তার আগের বছর ছিল ৫ দশমিক ৭ শতাংশ।এ বছর পরীক্ষায় যারা অনুপস্থিত ছিল, তাদের অনেকেই ঝরে যাবে। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, পরীক্ষায় অংশ না নেওয়া শিক্ষার্থীদের সবাই ঝরে গেছে, তা বলা যাবে না। তবে এটি আশঙ্কার বিষয়। তারা মানসিকভাবে পিছিয়ে পড়েছে। এর একটি বড় অংশ আর ফিরে আসতে পারবে না, ঝরে যাবে। তিনি বলেন, যারা পরীক্ষা দেয়নি, তাদের আর্থসামাজিক অবস্থা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এরা বেশির ভাগই সুবিধাবঞ্চিত শ্রেণীর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচিত হবে, যারা পরীক্ষা দেয়নি, তারা কারা এবং কেন পরীক্ষা দেয়নি, তা খুঁজে বের করা। তিনি বলেন, গত বছর অনুপস্থিতির হার ছিল ৮ শতাংশ। এবার তা বেড়েছে। এভাবে বাড়তে থাকলে যে উদ্দেশ্যে এ পাবলিক পরীক্ষার আয়োজন করা, তা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশ থেকে ২১ লাখ ৫৭ হাজার ৩১৭ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এর মধ্যে দুই লাখ ১৪ হাজার ৫৫৬ জন পরীক্ষায় অংশ নেয়নি। প্রথম দিন থেকেই অনুপস্থিত ছিল এক লাখ ৯৮ হাজার ১৬৭ জন। এ ছাড়া বিভিন্ন অভিযোগে বহিষ্কার করা হয়েছে ৫৯৪ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে অর্ধেকের বেশি ছাত্র (এক লাখ ১১ হাজার ৯৯৫ জন)। সবচেয়ে বেশি ১২ ভাগ শিক্ষার্থী অনুপস্থিত ছিল সিলেট বিভাগে। এরপর ঢাকা বিভাগে ১১ দশমিক ৪৪ ভাগ। উপস্থিতির হার সবচেয়ে বেশি ছিল খুলনা বিভাগে, ৯৩ দশমিক ১১ শতাংশ।অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল তিন লাখ ৩১ হাজার ৪৪৮ জন। এর মধ্যে ৬৬ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়নি। বহিষ্কার করা হয়েছে ৬৭ জন। ইবতেদায়ি পরীক্ষায় সবচেয়ে বেশি (২৩ ভাগ) পরীক্ষার্থী অনুপস্থিত ছিল রংপুুর বিভাগে। আর উপস্থিতির হার সবচেয়ে বেশি (৮৩ দশমিক ১৬ ভাগ) ছিল চট্টগ্রাম বিভাগে।