অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করল ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০ দিনের বেশি অনুপস্থিত ও নিরুদ্দেশ ৫টি বিভাগের ৫৩ শিক্ষার্থীর একটি খসড়া তালিকা প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iu.ac.bd) এ তালিকা প্রকাশ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশের পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তালিকা প্রকাশ করল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচটি বিভাগের যে ৫৩ শিক্ষার্থী অনুপস্থিত আছেন, তাঁদের মধ্যে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের ১৮ জন, মার্কেটিং বিভাগের ৫ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৩ জন, ব্যবস্থাপনা বিভাগের ১১ জন ও ফোকলোর স্টাডিজ বিভাগের ৬ জন।
শিক্ষার্থী অনুপস্থিত নেই এমন বিভাগগুলো হলো ইংরেজি, আইন, আল-ফিকহ, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি, ফলিত পদার্থবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, আল-কোরআন, দাওয়াহ, আল-হাদিস, অর্থনীতি, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।
বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসন বিভাগ থেকে গতকাল শুক্রবার পর্যন্ত এ বিষয়ে কোনো তালিকা দেওয়া হয়নি। আর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও পরিসংখ্যান বিভাগের তালিকা প্রকাশের কাজ প্রক্রিয়াধীন বলে বিভাগের সভাপতিরা জানিয়েছেন।
অনুপস্থিত শিক্ষার্থীদের ২০ সেপ্টেম্বরের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখসহ নিজ নিজ বিভাগে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
তালিকার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে অনুপস্থিত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত নামের ব্যাপারে কোনো শিক্ষার্থীর অভিযোগ থাকলে ঈদের ছুটির পর লিখিতভাবে জানাতে পারবেন। ওই শিক্ষার্থীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’