অনুপস্থিত শ্রমিকদের উপস্থিত দেখিয়ে টাকা উত্তোলন!
যশোরের অভয়নগর উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচিতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়মানুযায়ী শ্রমিকদের টাকা পাওয়ার কথা থাকলেও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বিদ্যালয়ের কর্মকর্তারা হাজিরার টাকা তুলছেন। এ ছাড়া প্রকল্পের কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত ইউপি সদস্যরা অনুপস্থিত শ্রমিকদের উপস্থিত দেখিয়ে টাকা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কর্মসূচির একটি প্রকল্পের শ্রমিকদের দিয়ে জমি দখল ও সরকারি গাছ কাটার অভিযোগে মামলাও হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৪০ দিনের কাজ শুরু হয় গত ১৫ মার্চ। ২৪টি প্রকল্পের বিপরীতে তিন হাজার ২৬৫ জন শ্রমিককে নিয়োগ দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য এক কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি কর্মদিবসে একজন দরিদ্র মানুষ ১৫০ টাকা হারে মজুরি পাবেন। আগামী ১৫ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে যাতে প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য এবার চেয়ারম্যান ও সদস্যদের বাদ দিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রকল্প কমিটির সভাপতি করা হয়েছে। তবে নয় সদস্যের ইউনিয়ন কমিটিতে চেয়ারম্যানকে সদস্যসচিব এবং একজন সদস্যকে কমিটির সদস্য রাখা হয়েছে।শুভরাড়া ইউনিয়নের এসআর শুভরাড়া-রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট প্রকল্পের শ্রমিকদের হাজিরা তোলেন ওই বিদ্যালয়ের অফিস সহকারী মীর মর্তুজা। তিনি বলেন, ‘শ্রমিকদের প্রতিদিনের হাজিরা তোলার কথা ইউনিয়ন পরিষদের মেম্বারের। কিন্তু এখানকার মেম্বার মারা যাওয়ায় আমি শ্রমিকদের হাজিরা তুলি। এ জন্য আমাকে প্রতিদিন একজন শ্রমিকের হাজিরার টাকা দেওয়া হয়।’ওই প্রকল্পের শ্রমিকদের হাজিরা তোলেন শুভরাড়া ইউপির সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য নার্গিস বেগম। তিনি বলেন, ‘আমি শ্রমিকদের হাজিরা তুলি। এ জন্য প্রতিদিন একজন শ্রমিকের হাজিরার দাম পাই।’গত ২৮ মার্চ এ প্রকল্পের ১৩৭ জন শ্রমিককে দিয়ে এসআর শুভরাড়া-রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের বন্দোবস্ত নেওয়া জমি দখল করা হয়েছে। ওই জমি দখল করতে গিয়ে বিভিন্ন প্রজাতির ১৬৫টি সরকারি গাছও কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে মামলাও হয়েছে। প্রকল্পটির সভাপতি উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, তিনি শ্রমিকদের দিয়ে জমি দখল ও গাছ কাটার বিষয়টি পিআইওকে জানিয়েছেন। কার নির্দেশে শ্রমিকেরা এ কাজ করেছেন, তা তিনি জানেন না।বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট প্রকল্পের শ্রমিকদের হাজিরা তোলেন ওই বিদ্যালয়েরই একজন শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ের মাঠের মাটি ভরাট করা শ্রমিকদের হাজিরা আমরা ওঠাই। প্রতিদিন কয়েকজন করে শ্রমিক কম থাকেন। তাঁদেরও হাজিরা ওঠাতে হয়। তা ছাড়া মেম্বার ও মহিলা মেম্বারের জন্য একটি করে হাজিরা রাখতে হয়।’একই প্রকল্পের নাম প্রকাশে অনিচ্ছুক অভয়নগর গ্রামের এক শ্রমিক বলেন, ‘গত পাঁচ দিন আমি একজনের পানের বরজে কাজ করেছি। ওই কয়দিন মেম্বার প্রকল্পে আমার হাজিরাও তুলে দেছে। তবে হাজিরার কিছু টাকা সে আমারে দিছে।’বাঘুটিয়া ইউনিয়নের প্রকল্প কমিটির সভাপতি উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক রণজিত কুমার মিস্ত্রি বলেন, ‘শ্রমিকদের তালিকা আমাদের করার কথা। কিন্তু মেম্বারদের করা তালিকার শ্রমিকদের দিয়ে কাজ করাতে হচ্ছে। তবে আমরা কাজ ঠিকমতো বুঝে নিচ্ছি।’পিআইও এবং এ কর্মসূচির উপজেলা কমিটির সদস্যসচিব মো. রিজিবুল ইসলাম বলেন, ‘কিছু বদনাম আছে। তার পরও অনেক ভালো কাজ হয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এ কর্মসূচির উপজেলা কমিটির সভাপতি বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘আমি নিজে সরেজমিন গিয়ে কয়েকটি প্রকল্পে কিছু শ্রমিককে অনুপস্থিত এবং কিছু শ্রমিককে বসে থাকতে দেখেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওই শ্রমিকদের অনুপস্থিত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।’