অনুপস্থিত ৭ শিক্ষার্থীর তালিকা পুলিশে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আসছেন না এমন সাত শিক্ষার্থীর তালিকা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তদন্তের স্বার্থে শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়নি।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার কামরুল হুদা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউট প্রধানদের চিঠি দিয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা জমা দিতে বলেন রেজিস্ট্রার কামরুল হুদা। ওই চিঠিতে বলা হয়, ১ জুন থেকে শুরু হওয়া বর্ষাকালীন ছুটি, রমজান ও ঈদুল ফিতরের দেড় মাস ব্যাপী ছুটির আগে যাঁরা একটানা ১৫টি ক্লাসে অনুপস্থিত ছিলেন, তাঁদের তালিকা তৈরি করতে হবে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ থেকে প্রায় শতাধিক শিক্ষার্থীর নাম জমা পড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখায়। পরে ওই তালিকা ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা ও রেজিস্ট্রার কামরুল হুদা অনুপস্থিত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। এর মধ্যে সাতজন শিক্ষার্থীর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, যোগাযোগ করতে না পারা সাত শিক্ষার্থীর নাম, বিভাগ, রেজিস্ট্রেশন নম্বর, মুঠোফোন নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানাসহ একটি তালিকা করা হয়। এই তালিকাটি গত বুধবার প্রক্টরিয়াল বডির কাছে জমা দেন রেজিস্ট্রার।
একটি গোয়েন্দা সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এ তালিকা হাটহাজারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। হাটহাজারী থানা-পুলিশ সেদিনই এ তালিকা চট্টগ্রাম জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা প্রথম আলোকে বলেন, যোগাযোগ করতে পারিনি এমন সাতজনের একটি তালিকা গত বুধবার প্রক্টরিয়াল বডির কাছে জমা দিয়েছি। তবে এঁদের নিখোঁজ বলছি না। দীর্ঘদিন অনুপস্থিত বলে তাঁদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে তালিকা পাওয়ার কথা স্বীকার করলেও পুলিশের কাছে তালিকা হস্তান্তরের বিষয়টি স্বীকার করেননি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, তালিকা পেয়েছি। রোববার তালিকাটি পুলিশের কাছে দেওয়া হতে পারে।
তালিকা পাওয়ার কথা স্বীকার করেননি হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইলও। তিনি প্রথম আলোকে বলেন, আপনারা ভুল শুনেছেন। নিখোঁজদের কোনো তালিকা আমরা পাইনি।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই হাটহাজারী থানার ওসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিখোঁজ ও দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করে হাটহাজারী থানায় জমা দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। এই চিঠি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালিকা তৈরির উদ্যোগ নেয়।