
বিজ্ঞান লেখক অভিজিৎ রায়সহ অন্য ব্লগারদের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন নিহত অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায়। এমনকি হত্যাকারীদের অনুপস্থিতিতেও। যদিও পুলিশ অভিজিৎ হত্যায় কোনো ঘাতককে এখনো শনাক্ত করতে পারেননি।
গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘মুক্তচিন্তায় আঘাত, ভবিষ্যতের বাংলাদেশ; আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অধ্যাপক অজয় রায় এ দাবি জানান। অভিজিৎ রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণজাগরণ মঞ্চ এই আলোচনা সভার আয়োজন করে।
গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে অভিজিৎ রায়কে হত্যা এবং তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে গুরুতর আহত করে। তাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিক। অভিজিৎ সফটওয়্যার প্রকৌশলী ছিলেন, রাফিদা চিকিৎসক।
অধ্যাপক অজয় রায় বলেন, ‘গোয়েন্দা বিভাগ ও তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই হত্যায় যারা জড়িত, তাদের ডিএনএ প্রোফাইল তৈরি হয়েছে। এফবিআই এতে সহযোগিতা করেছে। এফবিআই ডিএনএ প্রতিবেদনটি হস্তান্তর করলেই গোয়েন্দারা হত্যাকারীদের চিহ্নিত করতে সক্ষম হতো।’
অধ্যাপক অজয় রায় বলেন, ‘সংক্ষুব্ধ পরিবারের সদস্য হিসেবে এসব বক্তব্যে আমি আশান্বিত হই যে তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা ও সরকার এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেবে। আদালতের বিচার পেতে সক্ষম হব। তবে, তাদের ধরা যদি সম্ভব না-ও হয়, কিন্তু প্রকৃতভাবে শনাক্ত করা হয়, তবে এই হত্যাকারীদের অনুপস্থিতিতেই আদালতে বিচারকাজ চলতে পারে। যদি হত্যাকারীরা ধরা পড়ে, তখন এ রায় কার্যকর হবে।’ তিনি আরও বলেন, ‘এক বছর ধরে আমরা সোচ্চার প্রতিবাদ করছি। অভিজিৎসহ আরও চার-পাঁচজন ব্লগারের হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের কাজ শুরু করার জন্য রাষ্ট্র, সরকার ও জনগণের কাছে বলেছি। হয়তো জনগণ আন্দোলন করলে রাষ্ট্রের কর্মকর্তারা দৃঢ় পদক্ষেপ নেবেন।’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ধর্মান্ধ গোষ্ঠী মনে করেছে, অভিজিৎ রায়কে হত্যা করে তাঁর চিন্তা-চেতনাকে বন্ধ করে দেবে। কিন্তু এক অভিজিৎ রায়ের রক্ত, হাজার অভিজিৎ রায়ের জন্ম দিয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে যাঁরাই লিখছেন, তাঁদেরই হত্যা করা হচ্ছে। বাংলাদেশ আজ অন্ধকারের দিকে যাত্রা করছে। ব্লগার হত্যার আসামিদের গ্রেপ্তার করতে প্রশাসনের কোনো রকম আন্তরিকতা দেখা যাচ্ছে না। দেশ এখন অন্ধকারের শাসনের দিকে এগিয়ে যাচ্ছে।
ডিবির তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, অভিজিৎ হত্যায় যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম জড়িত, সে ব্যাপারে তথ্য-প্রমাণ মিলেছে। তবে সংগঠনটির যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নিয়ে এবং টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করে তাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি।
সভায় মানবাধিকার কর্মী খুশী কবির, প্রকাশক রবিন আহসান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, গণজাগরণ মঞ্চের কর্মী জীবনানন্দ প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা শেষে সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা মোমবাতি জ্বেলে আলোর মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথের কাছে (যেখানে অভিজিৎ রায়কে কোপানো হয়) থামে। সেখানে তৈরি অস্থায়ী বেদিতে তাঁরা মোমবাতি প্রজ্বালন করেন।
এর আগে বিকেলে অস্থায়ী বেদিতে নিজেরা করি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে নিহত অভিজিতের প্রতি শ্রদ্ধা জানায়। বেদির পেছনে বড় ব্যানারে লেখা ছিল, ‘অভিজিৎ রায়রা হারলে হারবে বাংলাদেশ।’