অনুপস্থিতির চিহ্ন দিলেন এমএলএসএস
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সমবায় কর্মকর্তা রবীন্দ্র কুমার পালের নিজ কার্যালয়ে অনুপস্থিতি হাজিরা খাতায় লাল কালি দিয়ে চিহ্নিত করেছেন ওই কার্যালয়ের এমএলএসএস জামাল আহমেদ। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এ দায়িত্ব পালন করেছেন বলে জামাল আহমেদ জানান। রবীন্দ্র কুমার পাল কর্তৃপক্ষের বিনানুমতিতে গত বৃহস্পতিবার থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। গত মঙ্গলবার ওই কার্যালয়ে গিয়ে রবীন্দ্র কুমারকে পাওয়া যায়নি।জামাল আহমেদ জানান, ‘স্যার (উপজেলা সমবায় কর্মকর্তা) বৃহস্পতিবার রোববার, সোমবার ও মঙ্গলবার অফিসে আসেননি। বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মুঠোফোনের মাধ্যমে স্যারের হাজিরা খাতায় আমাকে লাল কালিতে তিন দিনের ক্রস (অনুপস্থিত) দিতে নির্দেশ দেন।’ যোগাযোগ করা হলে রবীন্দ্র কুমার পাল বলেন, ‘আমি শারীরিক অসুস্থতার কারণে কর্মস্থলে অনুপস্থিত রয়েছি। তাড়াহুড়ো করে চলে আসায় স্যারকে (জেলা সমবায় কর্মকর্তা) বিষয়টি জানাতে পারিনি।’ ওই নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।