অনুপস্থিতির বিষয়ে আসামিপক্ষের দেওয়া তথ্য সঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামিপক্ষের আইনজীবীদের ট্রাইব্যুনালে হাজির না হওয়ার কারণ হিসেবে নিরাপত্তার বিষয়ে দেওয়া তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করেন।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে তৃতীয় দিনের মতো আসামিপক্ষের জেরা শেষে ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘পল্টনে নিরাপত্তার বিষয়ে বুধবার আপনারা যে তথ্য দিয়েছিলেন, তা সঠিক নয়। আপনারা বলেছিলেন, দুপুর দুইটার পরও পল্টনে গোলাগুলি চলেছে, অবস্থার উন্নতি হয়নি। কিন্তু আমাদের হাতে যে প্রতিবেদন আছে, তা বলছে, ওই সময় পল্টন এলাকা স্বাভাবিক ছিল। দুনিয়ার মানুষ আসতে পারে, আর আপনারা আসতে পারেন না?’ জবাবে আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন বলেন, ‘আমরা আসার চেষ্টা করেছিলাম।’গত বুধবার বেলা দুইটায় এই মামলার কার্যক্রমের জন্য সময় ধার্য ছিল। ওই সময় আসামিপক্ষের এক আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, পল্টন এলাকায় গোলাগুলি চলায় মামলার আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী আসতে পারেননি। এর আগে আবদুর রাজ্জাক খানকে তৃতীয় দিনের মতো জেরা করেন কফিল উদ্দিন চৌধুরী। আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন। জেরা অসমাপ্ত অবস্থায় বিকেল চারটার দিকে কফিল উদ্দিন ১৭ ফেব্রুয়ারি (রোববার) এই মামলার কার্যক্রম না রাখার জন্য আরজি জানান।এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা সব সময় আসামিপক্ষের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আপনারা এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।’ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম বলেন, এ মামলায় আসামিপক্ষ প্রতি রোববার সময় চেয়ে কার্যক্রম অনেক পিছিয়েছেন।ট্রাইব্যুনাল বলেন, প্রতি রোববার মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার আসামি আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে অন্য একটি মামলায় হাজির হতে হয়, এ জন্য সেদিন ওই মামলা থাকে না। একই দিনে যদি কামারুজ্জামানের মামলাটিও না থাকে, তাহলে ট্রাইব্যুনালের হাতে সেদিন মামলা থাকে না। আইনজীবীদের সমস্যা থাকলে আইনজীবী বদলাতে হবে।কফিল উদ্দিন বলেন, আগামী রোবরাবের পর আর সময় চাওয়া হবে না। পরে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে বলেন, ‘আপনাদের জন্য সম্পূর্ণ একটি দিন রাখা হচ্ছে। সোমবার তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করবেন।’স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যার দিন পুনর্নির্ধারণ: মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ‘মন্তব্যে’র বিষয়ে ব্যাখ্যা দেওয়ার দিন ২৪ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-২।