অনুপ্রবেশ করে বিদেশি জেলেদের মাছ শিকার
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ও সুন্দরবনের শেষ সীমানায় অনুপ্রবেশ করে বিদেশি জেলেরা কোটি কোটি টাকার মাছ শিকার করে নিয়ে যাচ্ছেন।
এমনকি বিদেশি জেলেদের অবাধ বিচরণে এ দেশের জেলেরা চাহিদামতো মাছ শিকার করতে পারছেন না বলে অনেক জেলে জানিয়েছেন। তবে এ দেশের জেলেরা বিদেশি জেলেদের তৎপরতা বন্ধে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এ দেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে নৌবাহিনী পাঁচটি ট্রলারসহ ৭৩ জন ভারতীয় জেলেকে আটক করে। এর আগে ২০১২ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে চার দিনে ৭২ জন ভারতীয় জেলে ও পাঁচটি ট্রলার আটক করে নৌবাহিনী।
সুন্দরবনের উপকূলীয় কয়েকটি জেলেপল্লির জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত শুঁটকি মৌসুমে এ দেশের জেলেরা সুন্দরবনের শেষ সীমানায় ও বঙ্গোপসাগরের গভীরে (ফেয়ারওয়ে বয়া এলাকায়) ট্রলার ও নৌকায় করে প্রচুর মাছ ধরেন। এ সময়টা জেলেদের কাছে মাছ আহরণের উপযুক্ত মৌসুম হিসেবে চিহ্নিত। সাগর এ সময় থাকে শান্ত। তবে গত কয়েক বছর ধরে এ মৌসুমেই ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড থেকে জেলেরা অবৈধভাবে বড় বড় অত্যাধুনিক ট্রলার নিয়ে এ দেশের জলসীমায় ঢোকেন। অধিকাংশ সময় তাঁরা গোপনে মাছ ধরে চলে যান। তাঁরা উচ্চক্ষমতাসম্পন্ন বাইনোকুলার দিয়ে ট্রলারে বসে নৌবাহিনীর তৎপরতা দেখেন। নৌবাহিনীকে আসতে দেখলেই তাঁরা দ্রুত পালিয়ে যান।
সুন্দরবন উপকূলের জেলেপল্লির মেহের আলীরচরের জেলেদের মহাজন চট্টগ্রামের শুক্কুর, অনিল বরণ দাস, শুঁটকি ব্যবসায়ী গৌরাঙ্গ ও জেলে উজ্জ্বল কান্তিসহ আরও অনেকে জানান, দুবলারচর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে দেশের উপকূলীয় জেলেরা বঙ্গোপসাগরের ৮ ও ১০ নম্বর বয়ায় জাল পেতে মাছ শিকার করেন। সাগরের এ স্থানে জাল ধরা ঝুঁকিপূর্ণ হলেও মাছ বেশি পাওয়া যায়। কিন্তু ভারত ও মিয়ানমারের জেলেরা নৌসীমানা লঙ্ঘন করে প্রায়ই এ এলাকায় ঢুকে মাছ ধরে নিয়ে যান। এ কারণে তাঁরা (এ দেশের জেলে) বিদেশি জেলেদের তৎপরতা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সাগরে অধিকাংশ সময় ভারতীয় জেলেদের উৎপাত বেশি থাকে উল্লেখ করে দুবলারচর-সংলগ্ন শ্যালারচর, ছাপড়াখালী, আলোরকোল, মাঝের কিল্লা, অফিস কিল্লা ও নারকেলবাড়িয়ার জেলেপল্লির আলী হোসেন, জাহাঙ্গীর মাঝি, খালেক মাঝি, বাবুল মাঝি, লোকমান মাঝিসহ অনেকেই জানান, এ দেশের জলসীমায় যে এলাকায় মাছের পরিমাণ বেশি, সাধারণত সেই এলাকায় বিদেশি জেলেরা মাছ শিকার করেন। তাঁদের দৌরাত্ম্যে এ দেশের জেলেরা ওই সব এলাকায় মাছ শিকার করতে পারেন না। এমনকি ভারতীয় জেলেরা এ দেশের জেলেদের বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়ে মাছ ধরতে বাধা দেন। কখনো কখনো তাঁরা এ দেশের জেলেদের ট্রলার ও নৌকায় হামলা চালিয়ে জেলেদের মারধর এবং লুটপাট চালান।
মংলার চিলা ইউনিয়নের জেলে হেমায়েত হাওলাদার জানান, ভারতীয় জেলেরা কারেন্ট জালসহ পাঁচ ধরনের অত্যাধুনিক জাল ব্যবহার করেন। পাশাপাশি তাঁরা মাছের পোনাও ধরেন। তাঁদের কাছে রয়েছে জিপিএস (বিশেষ সংকেত) নামক বিশেষ ধরনের যন্ত্র। এ যন্ত্রের মাধ্যমে ভারতীয় জেলেরা যে পথ দিয়ে সাগরে আসেন, সেই পথ দিয়েই ফিরে যান।
এ বিষয়ে জানতে চাইলে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নৌবাহিনীর হাতে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশ ও মাছ চুরির অভিযোগ এনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।