সিলেটের জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওরের আশপাশে বাংলাদেশের অভ্যন্তরের অন্তত তিন কিলোমিটার এলাকার অনাবাদি খাসভূমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দিয়ে জনবসতি স্থাপনের সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাঁদের মতে, ওই এলাকা জনবসতিহীন থাকায় অবৈধ অনুপ্রবেশ ঘটছে।গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের বিভাগীয় কমিশনারের নেতৃত্বে প্রশাসনিক ও বিডিআরের সিলেট সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল ডিবির হাওর এলাকা পরিদর্শনে গেলে স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের দুজন চেয়ারম্যান এ প্রস্তাব দেন।জৈন্তাপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত সোমবার তামাবিল চেকপোস্টে বিডিআর-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের পর সীমান্ত এলাকা শান্ত রয়েছে। গতকাল সিলেটের বিভাগীয় কমিশনার গোলাম রব্বানী, বিডিআর সিলেট সেক্টরের অধিনায়ক কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমী, জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম, উপ-অধিনায়ক আবদুল্লাহ আল-মামুন ভূইয়া ও জৈন্তাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে একটি দল ডিবির হাওর এলাকা পরিদর্শনে যায়। বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত তাঁরা ডিবির হাওরের বিরোধপূর্ণ সীমান্ত পিলার ১২৮৫-এর আশপাশ ঘুরে ডিবি ও কেন্দ্রী গ্রাম, ফুলবাড়ী, ঘিলাতইল ও আসামপুরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।এ সময় পরিদর্শক দলকে নিজপাট এবং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মখলিছুর রহমান ও এখলাছুর রহমান স্থানীয় মানুষের মতামত নিয়ে জানান, বিডিআরের জৈন্তাপুর সীমান্ত চৌকি থেকে ডিবির হাওরের প্রায় তিন কিলোমিটার এলাকা খাসজমি হিসেবে অনাবাদি রয়েছে। এগুলো প্রকৃত ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দিয়ে জনবসতি গড়ে তুললে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো যাবে বলে তাঁরা প্রস্তাব দেন। ২ মার্চ বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম জৈন্তাপুর সীমান্ত পরিদর্শন করে সিলেট সেক্টরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সীমান্তের খাসজমি ভূমিহীন কৃষকদের মধ্যে বরাদ্দের ব্যাপারে একমত পোষণ করেছিলেন।২১ রাইফেল ব্যাটালিয়নের একজন কর্মকর্তা জানান, সীমান্তে অনাবাদি পড়ে থাকা খাসভূমির ব্যাপারে পরিদর্শনকারী প্রশাসনিক কর্মকর্তারা আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবেন।