অনুপ্রবেশ ঠেকাতে জোর দেবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২১ আগস্ট ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শীর্ষ পর্যায়ে বৈঠক হচ্ছে। এতে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ জোর দেওয়া হবে। ভারতে সরকার বদলের পরই বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছিল, অনুপ্রবেশ রোধে সীমান্তে বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গের সীমান্তে ‘জিরো টলারেন্স’ নীতি নিতে হবে।
বিজিবি-বিএসএফ শীর্ষপর্যায়ের বৈঠকে যোগ দিতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রতিনিধিদল নিয়ে ২০ আগস্ট নয়াদিল্লি আসছেন। বিএসএফের নেতৃত্ব দেবেন মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠক। বৈঠকে অনুপ্রবেশের মোকাবিলায় দুই বাহিনী কীভাবে আরও বেশি সহযোগিতা বাড়াতে পারে, তা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া মাদক ও জাল নোট পাচারের ওপর বিশেষ জোর দেওয়ার কথা।
বিএসএফ সূত্র জানায়, দুই দেশের বাহিনীর মধ্যে গত পাঁচ বছরে যে সহযোগিতা দেখা গেছে, তা অভূতপূর্ব। তা সত্ত্বেও অনুপ্রবেশের ঘটনা ঘটছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের কোনো কোনো জেলায়। সহযোগিতার মাধ্যমেই এর মোকাবিলা করতে হবে। বিএসএফ মনে করে, ফসল বোনা ও ফসল তোলার সময় অনুপ্রবেশের ঘটনা কিছুটা কম থাকে। শীতকালে তা বেড়ে যায়।
বিজেপির নেতৃত্বাধীন সরকারের কাছে অনুপ্রবেশ স্পর্শকাতর বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তালিকায়ও এই সমস্যা একেবারেই উঁচুতে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে বিভিন্ন রাজ্যকে অনুপ্রবেশকারীদের জন্য ‘আটক কেন্দ্র’ খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই বৈঠকে রাজ্যগুলোকে বলা হয়, অনুপ্রবেশের মোকাবিলায় কেন্দ্র সীমান্তে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। রাজ্যগুলো যেন এই সমস্যাকে ‘জাতীয় সমস্যা’ মনে করে।
ভারতের কাছে যেমন অনুপ্রবেশ, বাংলাদেশের কাছে তেমন স্পর্শকাতর সীমান্ত হত্যা। গত পাঁচ বছরে সীমান্তে হত্যা অনেক কমে গেলেও তা শূন্যে নেমে আসেনি। কংগ্রেস আমলে পূর্ব সীমান্তে প্রাণঘাতী নয়, এমন বুলেট ব্যবহার শুরু হয়। তা সত্ত্বেও প্রায়ই সীমান্তে প্রাণহানি ঘটছে।
প্রাণহানি নিয়ে ভারতীয় বাহিনীর সঙ্গে বাংলাদেশি বাহিনীর মতানৈক্য রয়েছে। বিএসএফের দাবি, কাঁটাতারের বেড়া সবটাই ভারত সীমান্তে। বেশির ভাগ বেড়ার অন্য প্রান্তে থাকা দুষ্কৃতকারীরা প্ররোচণার ঘটনা ঘটায়। বিজিবি কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে রাজি নয়। তারা মনে করে, বিএসএফের ‘ট্রিগার হ্যাপি’ মনোভাব পাল্টাতে হবে। তাদের আরও বেশি মানবিক হতে হবে। সমস্যা অনুধাবন করতে হবে।