‘বাংলাদেশিদের অনুপ্রবেশ’ রুখতে ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেবে—এমন কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আসাম রাজ্যের দুলিয়াজানে গতকাল বুধবার বিধানসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন রাজনাথ।
সীমান্তে কথিত বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধ করতে না পারায় আসামের কংগ্রেসি সরকারের সমালোচনা করেন রাজনাথ। তিনি বলেন, ‘যেদিন থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তখন থেকেই ভারতে সে দেশের নাগরিকদের অনুপ্রবেশ শুরু হয়েছে এবং তা এখনো চলছে। ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়েই বাংলাদেশিরা ভারতে ঢুকছে। কী কারণে আপনারা (কংগ্রেস) এটা বন্ধ করেননি? ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করেননি কেন?’
কথিত অনুপ্রবেশ রুখতে ভারতের কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ বলেন, কিছুদিন আগে তিনি ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেছেন এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনাও করেছেন।
রাজনাথ সিং বলেন, ‘আমাদের কিছু সময় দরকার। এরপরই ভারত-বাংলাদেশ সীমান্ত একেবারে বন্ধ করে দেব। তখন কেউ আর বাংলাদেশ থেকে এভাবে আসতে পারবে না।’