অনুপ্রবেশ, পরে দুঃখ প্রকাশ বিএসএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের চার জওয়ান সোনাই নদী পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। গতকাল শুক্রবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে এ অনুপ্রবেশের ঘটনা ঘটে।
দুজন প্রত্যক্ষদর্শী জানান, ভারতের আটজন চোরাকারবারি ভোরবেলা একটি ইঞ্জিনচালিত ট্রলারে গরু নিয়ে সোনাই নদী দিয়ে বাংলাদেশে আসছিল। ভারতের বশিরহাট মহকুমার গড়েরকান্দা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করে বাংলাদেশে ঢুকে পড়ে। একপর্যায়ে চোরাকারবারি ও বিএসএফ সদস্যদের মধ্যে সংঘর্ষে পাঁচজন চোরাকারবারি ও দুজন বিএসএফ সদস্য আহত হন। খবর পেয়ে কলারোয়া উপজেলার মাদরা ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ ও চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার আবদুর রব জানান, বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া একটি এসএলআর, একটি ঢাল উদ্ধার ও একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে। পরে বিএসএফ সদস্যদের বাংলাদেশ অংশে অনুপ্রবেশের ঘটনার প্রতিবাদ জানিয়ে গড়েরকান্দা ক্যাম্পে চিঠি পাঠানো হয়।