অনুপ্রবেশকারী গাড়ি দুটি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী গাড়ি দুটি উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে সিলেট জেলা ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িগুলো উদ্ধার করে। গাড়ি দুটি সিলেট কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ভারত থেকে শেওলা শুল্ক স্টেশন দিয়ে দুটি গাড়ি অনুপ্রবেশ করে। গাড়িতে বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ নাগরিক অভিবাসন আইন লঙ্ঘন করে ঢুকে পড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। গাড়ি উদ্ধার করতে সিলেট জেলাজুড়ে নিরাপত্তাচৌকি বসিয়ে পুলিশ তল্লাশি চালায়। সীমান্ত এলাকায়ও বিজিবির নজরদারি বাড়ানো হয়।
বৃহস্পতিবার রাত প্রায় একটার দিকে শাহজালাল উপশহরের ই-ব্লকে পরিত্যক্ত অবস্থায় একটি এবং গতকাল সকালে কুমারপাড়ার জালালাবাদ অটো কেয়ার নামের একটি গ্যারেজ থেকে আরেকটি গাড়ি জব্দ করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আইয়ুব জানান, বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ নাগরিক কাবলু মিয়া, আসকর আলী ও আমতর আলীর ঠিকানা ও পাসপোর্ট সংগ্রহ করে গ্রেপ্তারে অভিযান চলছে।