অনুপ্রবেশকারী চার ভারতীয়র কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতের মুদ্রাসহ বাংলাদেশে অনুপ্রবেশকারী চার ভারতীয়কে চার বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত সোমবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ হুমায়ুন আজাদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভারতের মেঘালয়ের শিলং থানার শিলং গ্রামের ডেন রবিন (৪৬), একই এলাকার মেইল মিল (১৯), অভয় মনিং (২৬) ও স্টার কেরিবিন (৩৮)। তাঁদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ১৫ জুলাই কানাইঘাট সীমান্তের পশ্চিম কাড়াবাল্লার ১৩৪১ নম্বর সীমান্ত পিলারের দুই কিলোমিটার দক্ষিণ দিক দিয়ে চারজন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করেন। সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। তাঁদের কাছ থেকে তিন হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তৎকালীন ২১ রাইফেলস ব্যাটালিয়নের (বর্তমানে বিজিবি) নায়েব সুবেদার মো. আমির খসরু বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে কানাইঘাট থানায় মামলা করেন।