অনুপ্রবেশকারী ভারতীয়দের দেশে ফেরত
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার জারীধরলা ও নগদটারীর বন্যাপীড়িত কিছু অধিবাসী গত শনিবার দিবাগত রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের লালমনিরহাট জেলায় প্রবেশ করে। তবে পরদিনই তাদের ফেরত পাঠিয়ে দেয় বিজিবি।
ভারতীয় নাগরিকেরা লালমনিরহাটের মোগলহাটের চওড়াটারী ও দুর্গাপুরের পূর্ব দিঘলটারী গ্রামে আশ্রয়ের জন্য ঢুকে পড়ে। ভারতীয় বিভিন্ন প্রচারমাধ্যমে বন্যার কারণে অনুপ্রবেশকারীর সংখ্যা কয়েক হাজার বলে উল্লেখ করলেও বাংলাদেশি সূত্র তা স্বীকার করেনি।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, কোচবিহারের দিনহাটা থানার জারীধরলা ও নগদটারী গ্রামের এক শ থেকে দেড় শ লোক মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার গভীর রাতে এসে আশ্রয় নেয়। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী বলেন, বন্যার কারণে এখানে (বাংলাদেশে) অনুপ্রবেশ করে আশ্রয় গ্রহণকারী সাত পরিবারের ২৭ জন মানুষকে বুঝিয়ে-সুঝিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে।