অনুপ্রবেশকারী ১০ জেলেকে ভারতীয় হাইকমিশনে হস্তান্তর
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় অপহরণের শিকার ভারতের ১০ জন জেলেকে সে দেশের হাইকমিশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের সদর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রটোকল ও ওয়েলফেয়ার কর্মকর্তা আর কে রাখির কাছে মাছ ধরা ট্রলারসহ তাঁদের হস্তান্তর করা হয়। কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার হাসানুজ্জামান জানান, গত ২৭ জানুয়ারি বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় জলদস্যু গামা বাহিনী ভারতের ওই ১০ জন জেলেকে অপহরণ করে। তাঁদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরুর পর গত শনিবার গামা বাহিনী সুন্দরবনের শেলারচরে তাঁদের ছেড়ে দেয়। পরে কোস্টগার্ড জেলেদের ব্যবহূত ট্রলারসহ তাঁদের মংলা থানার পুলিশে সোপর্দ করে। গতকাল বেলা ১১টায় জেলেদের হস্তান্তরের সময় মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ও কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের কমান্ডার ক্যাপ্টেন এম শামীম হারুনসহ অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।