অনুপ্রবেশকারী ৩ প্রবাসীর জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের শ্যাওলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী তিন যুক্তরাজ্যপ্রবাসীকে জেলহাজতে পাঠানো হয়েছে। সিলেটের মুখ্য বিচারিক হাকিমের আদালত গতকাল বুধবার কাবলু মিয়া, আসকির উদ্দিন ও আমতর আলী নামের এই তিন ব্যক্তিকে হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর সকালে ভারত থেকে শেওলা স্থলবন্দর দিয়ে প্রবেশের সময় দুটি গাড়ির গতিবিধি নিয়ে সন্দেহ দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি দুটি আটক করতে তৎপর হয়ে ওঠে। সিলেট জেলাজুড়ে নিরাপত্তাচৌকি বসিয়ে পুলিশ তল্লাশি চালায়। সীমান্ত এলাকায়ও বিজিবির নজরদারি বাড়ানো হয়। ওই দিন গভীর রাতে শাহজালাল উপশহরের ই-ব্লকে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি এবং পরদিন সকালে কুমারপাড়ার জালালাবাদ অটো কেয়ার নামক একটি গ্যারেজ থেকে অন্য গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় গাড়ির মালিক কাবলু মিয়া, আসকির উদ্দিন ও আমতর আলীর বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে একটি এবং শুল্ক ফাঁকির অভিযোগে শুল্ক স্টেশনের পক্ষ থেকে আরেকটি মামলা হয়। দুটি মামলাতেই উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তাঁরা। গতকাল জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে সিলেটের আদালতে হাজির হলে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) গাজী মিজানুর রহমান জানান, আদালত এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন ৩১ ডিসেম্বর।