অনুপ্রবেশকারী 'বাংলাদেশিদের' ফিরে যেতেই হবে: মোদি
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি গতকাল রোববার আবারও বললেন, ‘বাংলাদেশি’ অনুপ্রবেশ-কারীদের সে দেশেই ফিরে যেতে হবে।
পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় গতকাল এক জনসভায় মোদি এ কথা বলেন। গত ২৭ এপ্রিল এক জনসভায় মোদি ‘অনুপ্রবেশকারী বাংলাদেশিদের’ ভোটের পর ফেরত পাঠানো হবে বলে হুমকি দেন।
মোদির ওই বক্তব্যের জবাবে গত শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে ‘কাগজের বাঘ’ আখ্যা দিয়ে বলেন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে কাউকে তাড়াতে এলে মোদিকে ‘রয়েল বেঙ্গল টাইগারের’ মুখে পড়তে হবে।
‘অনুপ্রবেশকারী বাংলাদেশি’দের চাকরি ছাড়তে হবে উল্লেখ করে মোদি গতকাল বলেন, ‘এখন সবার আগে ভারতের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। এটাই আমাদের প্রথম দায়িত্ব।’ প্রায় ২০ মিনিটের বক্তৃতায় মোদি আরও বলেন, যারা বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, তাদের বিষয়টি ভারত দেখবে, কিন্তু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পিটিআই ও টাইমস অব ইন্ডিয়া।