অনুপ্রবেশকারীদের জন্য ভারতে রাজ্যে রাজ্যে ডিটেনশন কেন্দ্র হবে
সাজা হয়নি অথচ ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছে এমন ‘বিদেশিদের’ এবার থেকে জেলে রাখা যাবে না। তাদের রাখতে দেশের প্রতি রাজ্যে ‘আটক শিবির’ (ডিটেনশন সেন্টার) তৈরি করতে হবে। দেশের সব রাজ্যকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্যগুলোকে নিজেদের খরচে এই শিবির তৈরি করতে হবে।
নির্বাচনী প্রচারণার সময় আসাম ও পশ্চিমবঙ্গে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখতে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি সরব হয়েছিলেন। অনুপ্রবেশকারীদের তিনি দুই ভাগে ভাগ করেছিলেন। একদল যারা ‘অত্যাচারিত’ হয়ে ভারতে আশ্রয়প্রার্থী, প্রধানত হিন্দু, অন্যরা যারা মুসলমান। মোদি বলেছিলেন, হিন্দুদের তাঁরা আশ্রয় দেবেন। সেটা তাঁদের কর্তব্য। কিন্তু মুসলমান অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে। এ নিয়ে নির্বাচনী প্রচারণা সরগরম হয়ে ওঠে। ক্ষমতায় এসে মোদি সরকার এই লক্ষে৵ই এগোতে চাইছে। সীমান্ত নিরাপত্তা বাহিনীকে (বিএসএফ) নির্দেশ দেওয়া হয়েছে অনুপ্রবেশ সমস্যা কঠোরভাবে মোকাবিলা করতে। রাজ্যে রাজ্যে আটক শিবির গড়ার নির্দেশ এই সার্বিক পরিকল্পনারই একটা অংশ বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য আটক শিবির প্রতিষ্ঠান যুক্তির অন্য রকম ব্যাখ্যা দিয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের এক পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আটক শিবির খোলার সিদ্ধান্ত শুধু বাংলাদেশিদের জন্য নয়, সব দেশের অনুপ্রবেশকারীদের জন্য। তিনি বলেন, ‘দুই ধরনের অনুপ্রবেশকারী ধরা পড়ে। একদল যারা বৈধ পাসপোর্ট নিয়ে ভারতে এসে নির্দিষ্ট সময়ের পরেও থেকে যায়, অন্য দল যারা অবৈধভাবে ভারতে আসে। অনুপ্রবেশকারীদের মধ্যে যাদের সাজা হয়েছে, তাদের জেলে রাখা হয়। কিন্তু যাদের সাজা হয়নি, অর্থাৎ বিচারাধীন এবং সাজার পর যাদের এখনো নানা কারণে ফেরত পাঠানো সম্ভব হয়নি, তাদের জেলে রাখা যাবে না। তাদের আটক কেন্দ্রে রাখা হবে।’
সূত্রটি বলেছে, দেশ-বিদেশের মানবাধিকার সংগঠনগুলো এই দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে। সেই দাবি অনুযায়ীই এই সিদ্ধান্ত।
এই আটক শিবিরের সঙ্গে জেলখানার পার্থক্য কী জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, জেলখানার চেয়ে আটক শিবিরের সুবিধা ও স্বাচ্ছন্দ৵ অনেক বেশি। জেলখানার চেয়ে শিবিরের খাবারের মান ও পরিমাণও বেশি।
বৈধ ভিসা নিয়ে ভারতে গিয়ে থেকে যাওয়া কয়েক হাজার বাংলাদেশিকে প্রতিবছর ফেরত পাঠানো হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি। তবে অনুপ্রবেশকারীদের সংখ্যা অনুমানভিত্তিক। এই ধরনের আটক শিবির এই মুহূর্তে আসামে রয়েছে তিনটি, দিল্লিতে দুটি এবং পশ্চিমবঙ্গ ও গুজরাটে একটি করে। প্রতি রাজ্যকে কত দিনের মধ্যে শিবির তৈরি করতে হবে—জানতে চাওয়া হলে সূত্রটি বলে, যত দ্রুত সম্ভব তা করতে বলা হয়েছে। শিবিরের কোনো খরচ কেন্দ্র দেবে না।
বিজেপির কাছে অনুপ্রবেশ একটা বড় ইস্যু। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে। আসামে গত নির্বাচনে ১৪টি লোকসভা আসনের মধ্যে সাতটিই তারা পেয়েছে। তবে পশ্চিমবঙ্গে পেয়েছে মাত্র দুটি আসন ও ১৭ শতাংশ ভোট।