হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাধা উপেক্ষা করে প্রবেশ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির তিন নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে বিমানবন্দর (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষ। গতকাল রাতে বিমানবন্দরের উপপরিচালক তোফাজ্জল হোসেন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং অজ্ঞাত দুজন।গত শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চীন সফরে যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢোকা নিয়ে দলের নেতাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাগিবতণ্ডা ও হট্টগোল হয়। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলের নেতারা খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন।মামলার অভিযোগের বরাত দিয়ে বিমানবন্দর থানা সূত্র জানায়, গত শনিবার দুপুরে খালেদা জিয়াকে বিদায় জানাতে কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু তাঁদের ভিআইপি লাউঞ্জে ঢোকার অনুমতি ছিল না। অনুমতি না থাকলেও আমানউল্লাহ, হাবিব-উন-নবী, নাজিমউদ্দিনসহ আরও দুজন নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে ভিআইপে লাউঞ্জে ঢোকেন। এ সময় বাধা দিলে তাঁরা নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাগিবতণ্ডা ও ধস্তাধস্তি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।বিমানবন্দর থানার এক উপপরিদর্শক জানান, বিমানবন্দরের উপপরিচালক তোফাজ্জল হোসেন বাদী হয়ে বিএনপির তিন নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেছেন। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়াসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। মামলা প্রসঙ্গে হাবিব-উন-নবী প্রথম আলোকে বলেন, ‘তখন সেখানে অনেক সাংবাদিক ছিলেন, ক্যামেরা ছিল। সবাই সবকিছু দেখেছেন। আমরা কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করিনি। তারা বাধা দিয়েছে, তাই আমরা ভিআইপি লাউঞ্জের ভেতরে ঢুকিনি। মামলার অভিযোগ পুরোপুরি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’এদিকে বিদায় জানাতে যাওয়া বিএনপির স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের ভিআইপি লাউঞ্জে ঢুকতে বাধা দেওয়ায় বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।