অনুপ্রবেশের চেষ্টা, রোহিঙ্গাদের ১১ নৌকা ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী দিয়ে মিয়ানমারের জলসীমা পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করা রোহিঙ্গাদের নয়টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিটি নৌকায় (১৫-১৮ জন) রোহিঙ্গা ছিল। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে এসব নৌকায় করে অনুপ্রবেশের চেষ্টা চালায় রোহিঙ্গারা। এ ছাড়া উখিয়ার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১১ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
গত বুধবার রাত নয়টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত টেকনাফ উপজেলার ঝিমংখালী, মোচনি, লেদা ও উলুবনিয়া সীমান্ত এলাকা দিয়ে নয়টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে বলে জানান ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর অভিযানের কারণে গত তিন সপ্তাহ ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চলছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবি ও কোস্টগার্ডের পাহারা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে বিজিবির টহল।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উখিয়ার দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩ শিশু, ৪ নারী, ৪ পুরুষসহ ১১ জন রোহিঙ্গাকে নিজ দেশে ফিরতে বাধ্য করা হয়। তিনি বলেন, উখিয়া সীমান্ত এলাকার সাতটি সীমান্তচৌকিতে জনবল বাড়ানো হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশের স্থলপথ চিহ্নিত করে সেখানেও টহল বাড়ানো হয়েছে।