অনুপ্রবেশের দায়ে নেপালি নাগরিকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তপথে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক নেপালি নাগরিককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। লালমনিরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আলমগীর কবির গত সোমবার এ রায় দেন।
দণ্ড পাওয়া নেপালি নাগরিকের নাম শংকর চাওলা (৪৫)। তিনি নেপালের লালপরাশ জেলার বরুঘাট থানার ভুতরা গ্রামের রাজা চাওলার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, শংকর চাওলা ২০১৩ সালের ২৯ এপ্রিল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বাংলাদেশ সীমান্তের ৯১৩ নম্বর মেইন পিলারের এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশের পাঁচ শ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় বিজিবি কালীগঞ্জ বুড়িরহাট বিওপির সদস্যরা তাঁকে আটক করেন।
বুড়িরহাট বিওপির বিজিবি কমান্ডার নুরুল ইসলাম ২০১৩ সালের ২৯ এপ্রিল শংকর চাওলার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। একই সালের ৩১ মে কালীগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাক তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইলে আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।
শংকর চাওলার আইনজীবী আনজুমান আরা শাপলা বলেন, আদালত ছয় মাসের কারাদণ্ড দিলেও শংকর চাওলা প্রায় দুই বছর ধরে লালমনিরহাট জেলা কারাগারে আটক রয়েছেন। এ বিবেচনায় আদালত তাঁকে যত দ্রুত সম্ভব নিয়মকানুন অনুসরণ করে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।